তিউনিসিয়ায় নৌকাডুবে ৫ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ ১০
আফ্রিকার ওই শরণার্থীরা তিউনিসিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করেছিল।
ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে আফ্রিকার শরণার্থীদের একটি নৌকা ডুবে পাঁচজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরো ১০ জন। ২০ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
স্ফ্যাক্স অঞ্চলের লুয়াতা শহরের কাছে উপকূলে শুক্রবার নৌকাডুবির ওই ঘটনা ঘটে বলে জানান তিউনিসিয়ার কর্মকর্তারা।
যুদ্ধ ও দারিদ্র্য থেকে বাঁচতে এবং উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রচুর মানুষ স্ফ্যাক্স অঞ্চলের উপকূল রেখা ধরে বিপদসংকুল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে।
সম্প্রতি তিউনিসিয়া ও লিবিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর মরিয়া চেষ্টা বেড়ে গেছে। ফলে শত শত মানুষ তিউনিসিয়া উপকূলে ডুবে মারা যাচ্ছেন।
