থাইল্যান্ডে ৫ সরকার-বিরোধী বিক্ষোভকারীকে খালাস দিল আদালত
২০২০ সালে থাইল্যান্ডে গণতন্ত্রপন্থি বিক্ষোভের পর এ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল।
থাইল্যান্ডে রানির বিরুদ্ধে সহিংসতার চেষ্টা চালানোর দায়ে অভিযুক্ত পাঁচ সরকার-বিরোধী বিক্ষোভকারীকে খালাস দিয়েছে আদালত।
২০২০ সালে দেশটিতে গণতন্ত্রপন্থি বিক্ষোভের পর এ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই বিক্ষোভের সময় রাজধানী ব্যাংককে রানি সুথিদাকে বহনকারী গাড়িবহর বাধাপ্রাপ্ত হয়েছিল।
বিবিসি জানায়, আদালত দেখতে পেয়েছে যে, রাজগাড়িবহর মিছিলের মধ্য দিয়ে যাওয়ার সময় সেটি আটকানোর কোনও অভিপ্রায় অভিযুক্তদের ছিল না।
কৌসুঁলিদের অভিযোগ ছিল, রানির গাড়িহর যে ওই এলাকা দিয়ে যাবে তা বিক্ষোভকারীরা জানত। এরপরও তারা ইচ্ছা করেই গাড়িবহরকে বাধা দিতে সেখানে গিয়েছিল।
কিন্তু বিচারের রায়ে ব্যাংককের অপরাধ আদালত বলেছে, রানির গাড়িবহর ওই এলাকায় পৌঁছানোর আগে লোকজনকে এ সম্পর্কে স্পষ্ট কোনও ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিক্ষোভকারীদের গাড়িবহরের কথা জানা না থাকারই কথা।
থাইল্যান্ডের সংবিধানে রাজতন্ত্রকে সম্মান দেখানোর বিধান আছে। রাজতন্ত্রের সমালোচনা করলে যে কারও দীর্ঘমেয়াদে জেল হতে পারে।
তাছাড়া, বিতর্কিত একটি রাজতন্ত্রকে অপমান করা নিষিদ্ধ। এই আইন বিশ্বে কঠোরতম আইনের একটি। আইনটি কেউ ভঙ্গ করলে তার ১৫ বছরের জেল হতে পারে।
সমালোচকরা বলছেন, সামরিক বাহিনী সমর্থিত থাই সরকার এই আইন বাক স্বাধীনতা দমন করতে ব্যবহার করে। জাতিসংঘ বারবারই থাইল্যান্ডকে আইনটি সংশোধন করার আহ্বান জানিয়ে আসছে।
