যুক্তরাজ্যে ‘গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জ’ নিয়ে সুনাকের সতর্কবার্তা
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে জয়ী হয়েই প্রথম এক সংক্ষিপ্ত ভাষণে এই সতর্কবার্তা দেন সুনাক। দলে ঐক্যেরও ডাক দিয়েছেন তিনি।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে জয়ী হয়েই প্রথম ভাষণে সামনে থাকা গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করেছেন ঋষি সুনাক।
২ মিনিটেরও কম সময়ের এ সংক্ষিপ্ত ভাষণে সুনাক বলেন, তিনি নম্রতা এবং সততার সঙ্গে ব্রিটিশ জনগণের সেবা করে যাবেন। সম্প্রতি কয়েক বছরে এমন নেতৃত্বেরই অভাব ছিল বলে মনে করেন বেশির ভাগ টোরি এমপি।
বিবিসি জানায়, সুনাক তার ভাষণে দেশ ঘোরতর অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে স্বীকার করে স্থিতিশীলতা প্রয়োজন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে দলে ঐক্যেরও ডাক দেন তিনি।
দেশে গভীর বিভক্তি এবং অর্থনীতিতে মন্দার একটি সময়ে সুনাক প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন। এই দুঃসময় তার প্রধানমন্ত্রীত্বের আমলে ছায়া ফেলবে বলেই মনে করা হচ্ছে।
সামনে ৩১ অক্টোবরেই প্রকাশ করার কথা রয়েছে একটি অর্থনৈতিক পরিকল্পনা। এই পরিকল্পনায় যুক্তরাজ্যের অর্থনৈতিক অবস্থা উন্নত করার চেষ্টায় কিছু কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে।
নতুন টোরি নেতা সুনাক ভাষণে তার করণীয় নিয়ে আপাতত কিছু কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে তিনি কি কি করতে চলেছেন সেটির বিস্তারিত জানা এখনও বাকি।
বিরোধীদল লেবার পার্টি আবারও সাধারণ নির্বাচনের ডাক দিয়েছে। স্কটিশ ন্যাশনাল পার্টি, লিব ডেম এবং গ্রিন পার্টিও সাধারণ নির্বাচন দাবি করেছে।
তবে সুনাক আগাম নির্বাচন নাকচ করেছেন এবং দলকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নতুবা দল শেষ হয়ে যাবে।
