সুদানকে লড়াই বন্ধ করে আলোচনায় বসার আহ্বান তুরস্কের
ক্ষমতার দখল নিতে গত শনিবার থেকে সুদানের সশস্ত্র বাহিনীর সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর তুমুল লড়াই চলছে।
সুদানে লড়াইরত দেশটির সেনাবাহিনী এবং প্রভাবশালী আধাসামরিক বাহিনী আরএসএফকে সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
ক্ষমতার দখল নিতে গত শনিবার থেকে সুদানের সশস্ত্র বাহিনীর সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর তুমুল লড়াই চলছে।
রাজধানী খার্তুম এবং তার পাশের দুই নগরী ওমদুরমান ও বাহরিতে লড়াই সবচেয়ে তীব্র রূপ নিয়েছে। আফ্রিকার খুবই জনপ্রিয় নগরীর মধ্যে ওই তিন নগরীর নাম রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ান ফোনে আলাদা আলাদা করে সুদানের রাষ্ট্র প্রধান ও সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর সঙ্গে কথা বলেছেন।
উভয় জেনারেলকে এরদোয়ান বলেছেন, তুরস্ক খুবই উদ্বেগের সঙ্গে সুদানের পরিস্থিতি লক্ষ্য করছে। তিনি তাদের এই লড়াই বন্ধ করে আলোচনায় ফেরার আমন্ত্রণ জানিয়েছেন। এজন্য তুরস্ক সবধরণের সহায়তা করতে প্রস্তুত আছে বলেও জানান তিনি।
যদি সুদানের বিবাদমান পক্ষ তুরস্কের কোথাও আলোচনায় বসতে চায় তবে সে ব্যবস্থা করার কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান।
সুদানে অবস্থান করা তুর্কিদের নিরাপদে ফিরিয়ে আনতে উভয় পক্ষকে খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।
