২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের আরও গভীরে ইসরায়েলের হামলা, ২ হিজবুল্লাহ সদস্য নিহত

লেবাননের অনেক গভীরে বেকা উপত্যকায় হিজবুল্লাহ গোষ্ঠীর আকাশ প্রতিরক্ষায় ইসরায়েল জঙ্গিবিমান হামলা চালিয়েছে।

লেবাননের আরও গভীরে ইসরায়েলের হামলা, ২ হিজবুল্লাহ সদস্য নিহত

ছবি: রয়টার্স।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2024, 11:18 PM

Updated : 26 Feb 2024, 11:43 PM

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর হামলা বাড়াচ্ছে ইসরায়েল। সোমবার লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ২ হিজবুল্লাহ সদস্য নিহত হয়।

গতবছর অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার সূচনা হওয়ার পর থেকে এদিনই লেবাননের সবচেয়ে গভীরে বিমান হামলা চালাল ইসরায়েল।

দেশটির সেনাবাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান বেকা উপত্যকায় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষায় আঘাত হেনেছে। হিজবুল্লাহরা ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার জবাবে তাদের ওপর এই হামলা চালানো হয়।

এবিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য করা হয়নি। তবে এর আগে গোষ্ঠীটি জানিয়েছিল, তাদের যোদ্ধারা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

দুইপক্ষের এই সহিংসতা সংঘাত বাড়ারই লক্ষণ, যা গাজায় যুদ্ধের পাশাপাশি চলে আসছে। লেবানন-ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলা দুপক্ষের মধ্যে আবার যুদ্ধ শুরুরই ঝুঁকি বাড়াচ্ছে। ২০০৬ সালে দু’পক্ষের মধ্যে সর্বশেষ যুদ্ধ হয়েছিল।

সোমবার ইসরায়েলের বিমান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান বালবেক নগরী থেকে ১৮ কিলোমিটার দূরের এলাকায় হামলা চালায়। সিরিয়া সীমান্তের কাছের ওই এলাকা শিয়া ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহর রাজনৈতিক আস্তানা।

কয়েকটি সূত্র জানায়, ইসরায়েল ওই এলাকায় ক্রমাগত বিমান হামলা চালিয়েছে। লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন বলেছেন, দুই হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।

লেবাননের টিভি আল-জাদিদ ওই এলাকায় দেখা যাওয়া ধোঁয়ার কুন্ডলির ছবি সম্প্রচার করেছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা হিজবুল্লাহর কাছ থেকে ইসরায়েলকে সুরক্ষিত রাখতে অভিযান চালিয়ে যাবে। লেবাননের আকাশসীমাও এর আওতায় পড়বে।

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করেছিল হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলও হামলা শুরু করে। দু’পক্ষের পাল্টাপাল্টি হামলা শুরুর দিকে সীমান্ত এলাকাগুলোতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে এই হামলার পরিধি বেড়েছে।