বন্দুক নিয়ন্ত্রণ কঠোর করার নির্দেশ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর
গত সপ্তাহে এক নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনায় পুরো থাইল্যান্ড শোকে স্তব্ধ হওয়ার পর এ আদেশ দেন দেশটির প্রধানমন্ত্রী।
থাইল্যান্ডের একটি ডে-কেয়ার সেন্টারে নির্বিচার হত্যাকাণ্ডের এক ঘটনার পর আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দুক মালিকানার নিয়ম কঠোর করতে ও মাদকের ব্যবহার বন্ধ করার আদেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।
গত সপ্তাহের ওই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো থাইল্যান্ড শোকে স্তব্ধ হওয়ার পর সোমবার এ আদেশ দেন দেশটির প্রধানমন্ত্রী, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বৃহস্পতিবার রাজধানী ব্যাংকক থেকে ৫০০ কিলোমিটার উত্তরপূর্বের শহর উথাই সাওয়ানের একটি ডে কেয়ার সেন্টারে ছুরি, পিস্তল ও শটগান নিয়ে হামলা চালায় মাদকাসক্তির কারণে বরখাস্ত হওয়া এক সাবেক পুলিশ কর্মকর্তা। তার হামলায় ২৪ শিশুসহ মোট ৩৬ জন নিহত হয়। পরে সে নিজেও আত্মহত্যা করে।
থাইল্যান্ড সরকারের মুখপাত্র আনুচা বুরাপাচাইশ্রি এক বিবৃতিতে বলেছেন, প্রায়ুথ কর্তৃপক্ষগুলোকে সম্প্রদায় ও কর্মকর্তাদের মধ্যে অবৈধ মাদকের ব্যবহার সক্রিয়ভাবে পরীক্ষা ও তল্লাশি করে দেখার নির্দেশনা দিয়েছেন।
লাইন্সেস করার বন্দুকের যেসব মালিক ‘সমাজকে হুমকি’ দেওয়ার মতো আচরণ করে এবং ‘বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরি করে’ তাদের অস্ত্র রাখার অনুমতি বাতিল করার জন্য সরকারি রেজিস্ট্রারদের নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী, জানিয়েছেন আনুচা।
এর পাশাপাশি অবৈধ অস্ত্র বিক্রি, অস্ত্রের চোরাকারবার ও অবৈধ অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
যে পদাধিকারীরা ও পুলিশ কর্মকর্তারা তাদের অগ্নেয়াস্ত্রের অপব্যবহার করেছে অথবা দায়িত্বপালন কালে আক্রমণাত্মক আচরণ করেছে তাদের কাছ থেকে অস্ত্র ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে থাই কর্তৃপক্ষ।
দেশটির পুলিশ প্রধান জেনারেল দামরংসাক কিত্তিপ্রপাস সাংবাদিকদের বলেছেন, বন্দুকের মালিক ও মালিকানার জন্য লাইসেন্সের আবেদন করা সবার নিয়মিত মানসিক স্বাস্থ্য পরীক্ষারও প্রয়োজন হবে।
দক্ষিণপূর্ব এশিয়ার অনেক দেশের তুলনায় থাইল্যান্ডে বন্দুকের মালিকের সংখ্যা বেশি। দেশটিতে অবৈধ অস্ত্রও সহজলভ্য।
আরও পড়ুন:
