থাই ডে কেয়ারে হামলা: বেঁচে যাওয়া একমাত্র শিশু এমি
ডে কেয়ারটিতে ৯০টির বেশি শিশু শিক্ষার্থী ছিল। কিন্তু ঘটনার দিন ভারি বৃষ্টি হওয়ায় বেশিরভাগ শিশুই অনুপস্থিত ছিল।
ডে কেয়ার সেন্টারে তিন বছরের ছোট্ট এমি তার প্রিয় বন্ধুর পাশে ঘুমিয়ে ছিল। এমির বন্ধুটি ছাড়াও ওই দিন ডে কেয়ারে উপস্থিত সব শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত এক সাবেক পুলিশ কর্মকর্তা। এমি কিভাবে বেঁচে গেল সেই প্রশ্নের উত্তর কারো জানা নেই।
থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চরের শহর উথাই সাওয়ানের একটি ডে কেয়ারে গত বৃহস্পতিবারের ওই হামলা শিশুদের উপর নৃশংসতার ভয়াবহ উদাহরণ হিসেবে ইতিহাসে লেখা থাকবে।
মাদককাণ্ডে কয়েক মাস আগেই বরখাস্ত পানিয়া কামরাপ নামে একজন উচ্চপদস্ত পুলিশ কর্মকর্তা কী কারণে ছোট্ট ছোট্ট ওই শিশুগুলোকে হত্যা করছে সে প্রশ্নের উত্তর হয়তো কোনোদিই জানা যাবে না।
একটি ছুরি, একটি পিস্তল ও একটি শটগান হাতে স্থানীয় সময় দুপুরের দিকে ডে কেয়ারটিতে হামলা চালান পানিয়া। একে একে হত্যা করেন ৩৭ জনকে। যাদের মধ্যে ২৪টি শিশু। শিশুদের বেশিরভাগকেই ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এমি যে ক্লাসটিতে ছিল সেখানে তাকে নিয়ে মোট ১১টি শিশু ছিল। যাদের সবার বয়সই তিন বছরের মত। আঁকিবুকি ও লেখালেখিতে ব্যস্ত সময় পার করার পর সবে তারা দুপুরের ঘুম দিচ্ছিল।
হামলাকারী ছুরি হাতে ঘুমন্ত ওই শিশুগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। পরে পুলিশ এমিকে তার বন্ধুদের রক্তাক্ত লাশের পাশে জেগে বসে থাকা অবস্থায় দেখতে পায়।
তার দাদি বিবিসিকে বলেন, ‘‘ঘুম থেকে জেগে উঠে সে বুঝতেও পারেনি কী ঘটে গেছে।
‘‘সে ভেবেছিল তার বন্ধুরা তখনও ঘুমিয়ে আছে। একজন পুলিশ কর্মকর্তা একটি কাপড় দিয়ে তার মুখ ঢেকে তাকে রক্তের নদী থেকে বের করে আনে।”
ডে কেয়ারটিতে তিনটি শ্রেণীকক্ষ ছিল। এমিকে জীবিত পাওয়ার পর পুলিশ কর্মকর্তারা হন্যে হয়ে বাকি দুটো শ্রেণীকক্ষ তল্লাশি করলেও আর কোনো শিশুকে জীবিত পায়নি।
পানিয়া ডে কেয়ারটিতে হত্যাযোজ্ঞ চালানোর পর গাড়ি নিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে ও গুলি করে আহত করে বাড়ি ফেরে এবং বাড়িতে গিয়ে তার স্ত্রী এবং ছেলেকেও হত্যা করে। তার ছেলে ওই ডে কেয়ারটির শিক্ষার্থী ছিল।
ওই ডে কেয়ারে স্বাভাবিক দিনে ৯০টির বেশি শিশু থাকে। কিন্তু ঘটনার দিন ভারি বৃষ্টিপাত হওয়া শিশুদের উপস্থিতি কম ছিল।
এমির মা ৩৫ বছরের পানোমপাই শ্রীথং সারা সপ্তাহ ব্যাংককে কাজ করেন এবং সপ্তাহিক ছুটিতে বাড়িতে আসেন।
তিনি প্রথমে শুনেছিলেন তার মেয়ের ডে কেয়ারের সব শিশুকে হত্যা করা হয়েছে। তাই নিজের মেয়ের বেঁচে থাকার খবর তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি।
বলেন, ‘‘শেষপর্যন্ত এমির সঙ্গে ভিডিও কলে কথা বলে আমি নিশ্চিত হই এবং বুঝতে পারি আমি কতটা ভাগ্যবাতী।”
এমির দাদা-দাদী বলেন, এমির প্রিয় বন্ধু ছিল তিন বছরের পাতারাউত।
ডে কেয়ারে ঘুমানোর সময় দুই বন্ধু সবসময় পা দিয়ে পরষ্পরকে স্পর্শ করে রাখতো।
তারা জানান, এমি ডে কেয়ারে যেতে খুবই পছন্দ করতো এবং সেখানকার শিক্ষকদের মত হতে চাইতো।
এমির মা বলেন, ‘‘তার দাদী শেষ পর্যন্ত তাকে তার স্কুলের বন্ধুদের এবং তার শিক্ষকের মৃত্যুর খবর বলেছে। বলেছে, ডে কেয়ারটি বন্ধ হয়ে গেছে।
‘‘কিন্তু সে প্রতিদিনই স্কুলে যেতে চাইছে। আমরা তাকে বোঝাতে চেষ্টা করছি। কিন্তু মৃত্যু কি তা বোঝার বয়স এখনো তার হয়নি।”
