২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাশিয়ার হামলায় কিইভের নিকটবর্তী গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস

ইউক্রেইনের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রিপিল্লা বিদ্যুৎকেন্দ্রটি কিইভসহ তিনটি অঞ্চলের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী ছিল।

রাশিয়ার হামলায় কিইভের নিকটবর্তী গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2024, 10:15 AM

Updated : 12 Apr 2024, 07:18 PM

ইউক্রেইনের রাজধানী কিইভের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতে এসব হামলা চালানো হয় বলে জ্বালানি কোম্পানি সেনত্রেনেরহ জানিয়েছে।

ইউক্রেইনের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রিপিল্লা বিদ্যুৎকেন্দ্রটি কিইভসহ তিনটি অঞ্চলের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী ছিল।

সেনত্রেনেরহ কোম্পানির চেয়ারম্যান আন্দ্রি হুচা বলেন, “ধ্বংসের মাত্রা ভয়াবহ।”

রাশিয়া দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যস্থল করে আসছে।

পুরনো খবর:

ইউক্রেইন যুদ্ধে লড়াইয়ের বিভীষিকাময় অভিজ্ঞতা শোনালেন দুই ভারতীয়

হুচা বিবিসিকে জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতের ওই হামলায় বিদ্যুৎকেন্দ্রটির ‘ট্রান্সফরমার, টারবাইন ও জেনারেটরগুলো’ ধ্বংস হয়ে গেছে।

“তারা সবকিছু ধ্বংস করে দিয়েছে, পুরো ১০০ শতাংশ,” বলেন তিনি।

বৃহস্পতিবার আকাশপথে ইউক্রেইনে ব্যাপক হামলা চালায় রাশিয়া। এ সময় কিইভ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে ত্রিপিল্লা বিদ্যুৎ কেন্দ্রেও হামলা হয়। হামলার পর কেন্দ্রটির টারবাইন ওয়ার্কশপে আগুন ধরে যায়। 

সেনত্রেনেরহর চেয়ারম্যান জানান, কেন্দ্রটিতে অনেকগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ওই শিফটের কর্মীরা কেন্দ্রটি থেকে বের হয়ে যেতে পেরেছিলেন, কারণ প্রথম ড্রোনটি আঘাত হানার পরপরই তারা আড়ালে যাওয়ার জন্য দৌড় শুরু করেছিলেন।    

স্থানীয় বাসিন্দাদের তাদের জানালাগুলো বন্ধ, তাদের সব ডিভাইসে চার্জ দিয়ে রাখার ও পানি মজুদ করে রাখার আহ্বান জানানো হয়েছিল।  

বৃহস্পতিবারের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই ৮০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেইনের বিভিন্ন লক্ষ্যস্থলে হামলা চালানো হয়। এগুলোর অধিকাংশই জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যস্থল করে ছোড়া হয়। এগুলোর প্রায় এক তৃতীয়াংশ ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়। 

এর কয়েক ঘণ্টা পর সেনত্রেনেরহ জানায়, তাদের ত্রিপিল্লা বিদ্যুৎকেন্দ্র ব্যবহার অযোগ্য হয়ে গেছে। হুচা জানান, এখন ইউক্রেইনে কোম্পানিটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।  

ত্রিপিল্লা বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেইনের বৃহত্তম বিদ্যুৎ ও তাপ উৎপাদন ও সরবরাহকারী ছিল। তাদের আরও দু’টি বিদ্যুৎ প্রকল্প ছিল। এর মধ্যে খারকিভ অঞ্চলেরটি মার্চের শেষ দিকে রাশিয়ার হামলায় ধ্বংস হয় আর দোনেৎস্ক অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রটি ২০২২ সালে রুশ বাহিনী দখল করে নেয়।

খারকিভ ‍ও ত্রিপিল্লা কেন্দ্রটি মিলিতভাবে ইউক্রেইনের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৮ শতাংশ যোগান দিত বলে জানিয়েছেন হুচা। ত্রিপিল্লা তাপ বিদ্যুৎকেন্দ্রটি কিইভ, জেতোমার ও চেরকাসে- এই তিনটি কেন্দ্রীয় অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করত।