২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় এসইউ-৩৪ জঙ্গি বিমান বিধ্বস্ত, নিহত ১৩

এসইউ-৩৪ সুপারসনিক ফাইটার-বোম্বারটি একটি আবাসিক ভবনের সামনের উঠানে বিধ্বস্ত হয়, এ সময় জেট ফুয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

রাশিয়ায় এসইউ-৩৪ জঙ্গি বিমান বিধ্বস্ত, নিহত ১৩

একটি এসইউ-৩৪ সুপারসনিক জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার পর কাছের একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। ছবি: আরটি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 10:18 AM

Updated : 18 Oct 2022, 10:42 AM

রাশিয়ার একটি এসইউ-৩৪ জঙ্গি বিমান উড্ডয়নের পরপরই দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কে বিধ্বস্ত হয়েছে, এতে নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায় এবং অন্তত ১৩ জন নিহত হয়।

রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, ইয়েস্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এসইউ-৩৪ সুপারসনিক ফাইটার-বোম্বারটি একটি আবাসিক ভবনের সামনের উঠানে বিধ্বস্ত হয়, এ সময় বিমানটিতে থাকা জেট ফুয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন সংলগ্ন একটি অ্যাপার্টমেন্ট ভবনের প্রথম পাঁচ তলার ২০০০ মিটার স্কয়ারজুড়ে ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ভবনটি পরীক্ষা করে দেখা হয়।

রাশিয়ার সহকারী স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্সি কুজনিয়েৎসভ সাংবাদিকদের জানিয়েছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় ৩ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে ও ১৯ জন আহত হয়েছে।

আহত ১৯ জনের মধ্যে চার জনকে ক্রাসনাদোর আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের ইয়েস্ক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি শেষ করেছে এবং এ সময় ৬৮ জনকে জীবিত উদ্ধার করেছে ও ৩৬০ জনকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে আরও ১০ জনের মৃতদেহ পাওয়া যায়। এতে মোট মৃতের সংখ্যা ৩ শিশুসহ ১৩ জনে দাঁড়ায়। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে।”

প্রশিক্ষণ ফ্লাইটের জন্য নিকটবর্তী একটি সামরিক বিমানক্ষেত্র থেকে এসইউ-৩৪টি উড্ডয়ন করেছিল। উড্ডয়নের পরপরই পাইলট বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে গেছে বলে কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন। জরুরি নির্গমণ পদ্ধতি ব্যবহার করে পাইলট বিমানটি থেকে বের হয়ে নিজেকে রক্ষা করেন।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে এবং তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের ইয়েস্কে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করার এবং হতাহতদের পরিবার ও আহতদের সার্বিক সহযোগিতার করার নির্দেশ দিয়েছেন।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি বিমান বিধ্বস্তের ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করেছে। ঘটনাস্থলে তদন্তকারীদের পাঠানো হয়েছে।

ইয়েস্ক শহরটি রাশিয়ার অধিকৃত ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর কাছে, আজভ সাগরের সংকীর্ণ একটি শাখা দুই অঞ্চলকে বিচ্ছিন্ন করে রেখেছে।