ভারতে সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারে ড্রিলিং ফের শুরু, লাগতে পারে ১৫ দিনও
ড্রিলিং যন্ত্রে কাজ হলে দুই দিন, না হলে ১৫ দিন লেগে যেতে পারে উত্তরাখন্ড রাজ্যে উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধার করতে।
ভারতের উত্তরাখন্ড রাজ্যের উত্তরকাশীতে নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধারের কাজ মঙ্গলবার ১০ দিনে গড়িয়েছে। তাদের বের করে আনতে নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। ধ্বংসস্তূপ খুঁড়ে চওড়া পাইপ ঢুকিয়ে শ্রমিকদের বাইরে আনার পরিকল্পনা ছিল। কিন্তু গত শুক্রবার খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ হয়ে যায়। সুড়ঙ্গের ভেতরেও আবার নামে ধস।
এরপর বুধবার সুড়ঙ্গের মুখের কাছে ফের ড্রিলিংয়ের মাধ্যমে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে বিবিসি-কে জানিয়েছেন কর্মকর্তারা। এ পর্যন্ত ধসে পড়া পাথর-মাটির স্তুপের ভেতরে ৩৯ মিটার (১২৮ ফুট) খুঁড়েছেন উদ্ধারকর্মীরা।
এনডিটিভি জানায়, ড্রিলিং মেশিনের সাহায্যে শ্রমিকদেরকে আগামী দুই দিনের মধ্যে বের করে আনা সম্ভব হতে পারে। তবে এ যন্ত্রে কাজ না হলে উদ্ধারকাজে এমনকি ১৫ দিনও লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সুড়ঙ্গের ভেতরে ঢোকানো সম্ভব হয়েছে চারটি পাইপ। প্রতিটি ৯০০ মিলিমিটার চওড়া। কর্মকর্তারা বলছেন, তারা এখন সুড়ঙ্গের ভেতরে ৮০০ মিলিমিটার চওড়া পাইপ ঢুকানোর চেষ্টা করছেন।
বিভিন্ন ধরনের চওড়া পাইপ ধ্বংসস্তুপের দেয়ালের ভেতর দিয়ে আনুমানিক ৬০ মিটার পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। যাতে একটি মাইক্রো টানেল তৈরি করা যায়, যার ভেতর দিয়ে শ্রমিকরা হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন।
কিন্তু সুড়ঙ্গের মাটি নরম, কঠিন পাথর থাকায় এবং পাথর, মাটি খসে খসে পড়তে থাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হচ্ছে। সময়ও লাগছে বেশি।
শ্রমিকদের বের করে আনার নানা কৌশলের মধ্যে বিকল্প ব্যবস্থা হিসেবে পাহাড়ের ওপর যন্ত্র নিয়ে গিয়ে লম্বালম্বিও ড্রিল করা হচ্ছে। ড্রিলিং চলছে সুড়ঙ্গের অন্য প্রান্ত দিয়েও। সুড়ঙ্গটি সাড়ে চার কিলোমিটার দীর্ঘ।
গত ১২ নভেম্বর এই নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। ৮ মিটার প্রশস্ত ওই সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকরা ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যের বাসিন্দা। জীবিকার জন্য তারা এ কাজে এসেছিলেন।
রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে সেক্রেটারি অনুরাগ জৈন জানান, “যুক্তরাষ্ট্রের তৈরি অগার ড্রিলিং মেশিন দিয়ে নতুন করে খনন শুরু করা হয়েছে। এই যন্ত্র ঠিকমত কাজ করলে আশা করা হচ্ছে, শ্রমিকরা দুই দিনের মধ্যে বেরোতে পারবেন। এর আগে ড্রিলিংয়ের সময় মেশিনটিতে গোলমাল দেখা দেওয়ায় উদ্ধারকারীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অভিযান সাময়িকভাবে বন্ধ করে দেয়।”
জৈন বলেন, তারা আরও পাঁচটি কর্ম পরিকল্পনা প্রস্তুত রেখেছেন, সেগুলো বাস্তবায়নে ১২ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে অগার ড্রিলিং মেশিন কার্যকর হবে- এমনটিই আশা করা হচ্ছে বলে সাংবাদিকদের জানান তিনি।
এর আগে সোমবার সন্ধ্যায় উদ্ধার প্রচেষ্টায় নিয়োজিতরা ছয় ইঞ্চি ব্যাসের একটি পাইপ আবর্জনার স্তুপের মধ্য দিয়ে ভেতরে পাঠাতে সক্ষম হয়েছিলেন। তখন কর্মকর্তারা নমনীয় একটি ক্যাবলের সঙ্গে সংযুক্ত ছোট একটি ক্যামেরা ভেতরে পাঠান। এই ক্যামেরা দিয়েই আটকা পড়াদের ভিডিও করা হয়।
এরপর মঙ্গলবার পাইপ দিয়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পাঠানো হয় খাবার, পানীয়, ওষুধ। ক্যামেরার ছবিতে দেখা যায়, ৪১ শ্রমিকই সুস্থ আছেন। শ্রমিকদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিদদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের পরামর্শ মেনে খাবার পাঠানো হয় সুড়ঙ্গের ভেতরে।
এত দিন মূলত শুকনো খাবার পাচ্ছিলেন শ্রমিকরা। সোমবার নতুন পাইপের মাধ্যমে সুড়ঙ্গে যায় খিচুড়িসহ আপেল, কলা, কমলালেবু এবং ডালিয়ার মতো খাবারও। প্লাস্টিকের বোতলে ভরে খিচুড়ি পাঠানো হয় পাইপের মাধ্যমে।
৪১ জন শ্রমিকের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছেন উদ্ধারকারীরা। সোমবার নতুন পাইপের মাধ্যমে সুড়ঙ্গের ভিতর পাঠানো হয় মোবাইল ফোন এবং চার্জার। সুড়ঙ্গের অন্তত ৬০ মিটার গভীরে শ্রমিকেরা আটকে আছেন।
