Published : 08 Nov 2022, 04:11 PM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা রাজধানী ইসলামাবাদের কাছে কয়েকটি সড়ক অবরোধ করেছে।
মঙ্গলবারের এই অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কর্তৃপক্ষ একদিনের জন্য স্কুলগুলো বন্ধ রাখতে বাধ্য হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআিই) দলের নেতা ইমরান (৭০) গত বৃহস্পতিবার একটি হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পান। আগাম নির্বাচনের দাবিতে ২৮ মার্চ লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে শুরু হওয়া পিটিআইয়ের লংমার্চের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। পথে পাঞ্জাবের ওয়াজিরাবাদের দলের সমাবেশ চলাকালে কন্টেইনার মঞ্চে থাকা ইমরানকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়, এতে দলীয় একজন কর্মী নিহত এবং ইমরানসহ ১০ জন আহত হন।
পুলিশ সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে গ্রেপ্তার করেছে।
দলের নেতার হত্যার চেষ্টার প্রতিবাদে পিটিআইয়ের কর্মীরা নতুন এ প্রতিবাদ শুরু করেছে।
সোমবার রাত থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে এ প্রতিবাদ শুরু করে তারা। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরমুখি সড়কের পাশাপাশি রাজধানীর সঙ্গে লাহোর ও পেশোয়ার শহরকে সংযোগকারী মহাসড়ক অবরোধ করেছে তারা।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ইমরানের সমর্থকরা রাস্তার ওপর অবস্থান নিয়ে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে।
পাকিস্তান সরকার মঙ্গলবার সব সরকারি ও বেসারকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা ইয়াওয়ার আলি বলেন, “অবরোধের কারণে লোকজন কাজে যেতে পারছে না। অনেক পরিবার কয়েক ঘণ্টা ধরে রাস্তায় আটকা পড়ে আছে। অবরোধকারীরা অ্যাম্বুলেন্সও আটকে রেখেছে বলে অভিযোগ পেয়েছি আমরা।”
ইমরানের পায়ে গুলি লেগেছিল। সুস্থ হয়ে উঠতে থাকায় রোববার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এপ্রিলে পার্লামেন্টের আস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকেই আগাম সাধারণ নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করে আসছেন তিনি।
কিন্তু পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার ওয়াজিরাবাদ থেকেই আবার পিটিআইয়ের লংমার্চ শুরুর কথা রয়েছে।
আরও পড়ুন: