২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিখাইল গর্বাচেভ: মুক্তিদাতা না ভাঙনের কারিগর?

রাশিয়ার এক কৃষক পরিবারের সন্তান গর্বাচেভ স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়ে বদলে দিয়েছেন ইতিহাসের গতিপথ।

মিখাইল গর্বাচেভ: মুক্তিদাতা না ভাঙনের কারিগর?

মিখাইল গর্বাচেভ, সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 02:45 PM

Updated : 01 Sep 2022, 10:12 AM

তিন দশক আগে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ুযুদ্ধের অবসান আর যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের একক কর্তৃত্ব চলে যাওয়ার কালে যে কয়েকটি আলোচিত চরিত্রের ওপর বিশ্বের প্রায় সবার চোখ ছিল, তার অন্যতম মিখাইল গর্বাচেভের জীবনাবসানে পশ্চিমের রাজনৈতিক নেতারা দলে দলে শোক প্রকাশ করছেন।

পশ্চিমাদের কাছে তিনি ছিলেন ‘সোভিয়েতের কারাগারে বন্দি কোটি কোটি মানুষের মুক্তিদাতা’, অন্যদিকে রাশিয়ার নবীন-প্রবীণ অনেকের কাছে তিনি খলনায়ক, ‘যিনি রাশিয়ার বৈশ্বিক প্রভাব মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন’।

সমাজতন্ত্রীদের অনেকের কাছে ‘সোভিয়েতের গোরখোদক’ হিসেবে পরিচিত গর্বাচেভ কিন্তু উঠে এসেছিলেন এক কৃষক পরিবার থেকে; কৌশল, বুদ্ধিমত্তা আর পরিশ্রম তাকে নিয়ে যায় সোভিয়েত কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বে।

স্নায়ু যুদ্ধের উত্তেজনাকর সময়ে পৃথিবীর অন্যতম ক্ষমতাধর জোটের দায়িত্ব পাওয়া এ ব্যক্তি গ্লাসনস্ত আর পেরেস্ত্রইকা দিয়ে সোভিয়েত শাসনকাঠামো আমূল বদলে ফেলার মিশনে নামেন; তার ওই মিশন, খোলা হাওয়া আর উদারীকরণের একের পর এক ঝটকা মাত্র কয়েক বছরের মধ্যে পূর্ব ইউরোপের মানচিত্র বদলে দেয়। বাঁক বদল ঘটে ইতিহাসেরও।

রক্তপাতহীনভাবে স্নায়ু যুদ্ধের অবসান ঘটালেও সোভিয়েত পতন ঠেকাতে ব্যর্থ, পরবর্তীতে নোবেল পুরস্কার পাওয়া গর্বাচেভ মঙ্গলবার মস্কোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Image

মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে গর্বাচেভ।

সোভিয়েত ইউনিয়নের শেষ এ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করেছিলেন, পশ্চিম ইউরোপের দেশগুলোর নেতাদের সঙ্গে বাড়িয়েছিলেন ঘনিষ্ঠতা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের দ্বিধাবিভক্তি ঘুচিয়ে দিতে এবং জার্মানিকে এক করতে মূল ভূমিকা রেখেছিল।

কিন্তু তার অভ্যন্তরীণ সংস্কার সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করে দেয় এবং এর পতন ত্বরান্বিত করে, যাকে পরে ভ্লাদিমির পুতিন বিংশ শতাব্দীর ‘সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়’ অ্যাখ্যা দিয়েছিলেন। রুশ এ প্রেসিডেন্ট একবার ২০১৮ সালে বলেছিলেন, সুযোগ থাকলে তিনি সোভিয়েত পতন উল্টে দিতেন।

“গুরুতর দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত মিখাইল গর্বাচেভ আজ রাতে মারা গেছেন,” মঙ্গলবার রাতে জানায় রাশিয়ার সেন্ট্রাল ক্লিনিক হাসপাতাল।

তার মৃত্যুতে পুতিন ‘গভীর শোক’ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

স্তাভরোপলের কৃষক সন্তান থেকে সোভিয়েতের শীর্ষ নেতা

মিখাইল সের্গেইয়েভিচ গর্বাচেভের জন্ম ১৯৩১ সালের ২ মার্চ, সোভিয়েত ইউনিয়নভুক্ত রাশিয়ার স্তাভরোপোল ক্রায়-তে।

পনের বছর বয়সে ইয়ং কমিউনিস্ট লীগ কমসমলে যোগ দেন তিনি, পরের ৪ বছর কাজ করেন স্তাভরোপোলের রাষ্ট্রীয় খামারে। কসমসলের সদস্য হিসেবে তার দক্ষতা, যোগ্যতা স্থানীয় নেতাদের নজর কেড়েছিল।

Image

১৯৯৪ সালে তাইপেতে সস্ত্রীক গর্বাচেভ।

১৯৫২ সালে তিনি মস্কোর স্টেট ইউনিভার্সিটির ল স্কুলে ভর্তি হন, সদস্য হন কমিউনিস্ট পার্টির। ১৯৫৫ সালে আইনে ডিগ্রি নেওয়ার পর গর্বাচেভ কসমসল এবং স্তাভরোপোলের কমিউনিস্ট পার্টিতে একাধিক দায়িত্ব পালন করেন। ১৯৭০-এর দিকে তিনি পার্টির অঞ্চল কমিটির ফার্স্ট সেক্রেটারি হন।

পরের বছর কমিউনিস্ট পার্টি অব দ্য সোভিয়েত ইউনিয়নের (সিপিএসইউ) কেন্দ্রীয় কমিটিতেও ঢোকেন তিনি। ১৯৭৮ সালে হন পার্টির কৃষি সম্পাদক। পরের বছর পার্টির রাজনৈতিক পরিষদ বা পলিটব্যুরোর প্রার্থী সদস্যপদ পান, ১৯৮০ তে হন সেখানকার পূর্ণ সদস্য।

সিপিএসইউ-র সেসময়কার তাত্ত্বিক নেতা মিখাইল সাসলভের ছত্রছায়ায় থাকায় পার্টির মূল নেতৃত্বে আসতে গর্বাচেভকে খুব একটা বেগ পেতে হয়নি।

ইউরি আন্দ্রোপভ ১৯৮২ খেকে ১৯৮৪ সাল পর্যন্ত যে ১৫ মাস কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন, সেসময় পলিটব্যুরোর অন্যতম সক্রিয় ও দৃশ্যমান সদস্য হয়ে ওঠেন গর্বাচেভ। আন্দ্রোপভের মৃত্যুর পর ১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে কনস্তান্তিন চেরনেঙ্কো জেনারেল সেক্রেটারি হওয়ার পর থেকেই গর্বাচেভকে তার পরবর্তী উত্তরসূরী হিসেবে দেখা শুরু হয়।

১৯৮৫ সালের ১০ মার্চ চেরনেঙ্কো মারা যাওয়ার পরদিনই সিপিএসইউ-র পলিটব্যুরো গর্বাচেভকে জেনারেল সেক্রেটারি বানায়। এবং সেসময় তিনি ছিলেন পলিটব্যুরোর সবচেয়ে কমবয়সী সদস্য।

Image

১৯৯৯ সালে বার্লিনে জর্জ বুশের সঙ্গে গর্বাচেভ।

গ্লাসনস্ত, পেরেস্ত্রইকা

পার্টির শীর্ষপদে বসার পরপরই গর্বাচেভ নজর দেন সোভিয়েত অর্থনীতির পুনরুজ্জীবনে; লিওনিদ ব্রেজনেভের সময় থেকে যা ক্রমাগত স্থবির হয়ে আসছিল। এজন্য প্রযুক্তিগত আধুনিকায়ন ও শ্রমিকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। চেষ্টা করেন জটিল সোভিয়েত আমলাতন্ত্রকে দক্ষ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী করার।

তার এসব চেষ্টায় তেমন ফল না আসায় গর্বাচেভ ১৯৮৭-৮৮ সালের দিকে সোভিয়েত অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার গভীর সংস্কারের উদ্দেশ্যে নিয়ে আসেন ‘গ্লাসনস্ত’, যার অর্থ খোলা হাওয়া। মত প্রকাশ ও তথ্যের অবাধ প্রবাহের স্বাধীনতা বিস্তৃত করেন, গণমাধ্যম ও সম্প্রচারমাধ্যমকে সরকারের ব্যাপক সমালোচনার সুযোগ করে দেন, ভেঙে ফেলেন জোসেফ স্তালিন আমলের কঠোর নিয়ন্ত্রিত শাসনকাঠামোর সংস্কৃতি।

তার এই ‘পেরেস্ত্রইকা’ বা পুনর্গঠন নীতির অন্যতম উদ্দেশ্য ছিল সোভিয়েত কাঠামোকে গণতন্ত্রায়িত করা; দল ও সরকারের কিছু কিছু নির্বাচনে একাধিক প্রার্থী এবং গোপন ব্যালটের সূচনাও হয়েছিল তখন। পেরেস্ত্রইকার হাত ধরে সোভিয়েত অর্থনীতিতে সীমিত আকারে মুক্তবাজার নীতির যাত্রা শুরু হলেও তা কমিউনিস্ট পার্টি ও সরকারের আমলাতন্ত্রের প্রবল প্রতিরোধের মুখে পড়ে।

পশ্চিমাদের প্রিয়পাত্র হয়ে ওঠা

সোভিয়েতের ভেতরে খোলনলচে বদলে ফেলার পাশাপাশি পররাষ্ট্র নীতিতেও আমূল পরিবর্তন আনেন গর্বাচেভ। তিনি পশ্চিম ও প্রাচ্যের উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ভালো করার দিকে মনোযোগী হন।

১৯৮৭ সালের ডিসেম্বরে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে দুই দেশের ভাণ্ডারে থাকা মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চুক্তিতে স্বাক্ষর করেন। তিনি ১৯৮৮-৮৯ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী প্রত্যাহার কার্যক্রমও তদারক করেন।

Image

হাভানায় এক অনুষ্ঠানে কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে গর্বাচেভ।

১৯৮৮ সালের অক্টোবরে সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়ামের চেয়ারম্যানশিপ নির্বাচনে জিতে নিজের ক্ষমতাকে সুসংহত করেন গর্বাচেভ। কিন্তু তার অর্থনৈতিক সংস্কার কমিউনিস্ট পার্টি গ্রহণ না করলে গর্বাচেভ সরকারের আইন ও নির্বাহী শাখাকে সিপিএসইউ-র মুঠো থেকে সরিয়ে নতুন আকার দেওয়ার চেষ্টা করেন।

ফলশ্রুতিতে ১৯৮৮ সালের ডিসেম্বরে পরিবর্তিত সংবিধান নতুন দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট ইউএসএসআর কংগ্রেস অব পিপলস ডেপুটিস সৃষ্টি করে, যে পার্লামেন্টের কিছু সদস্যকে জনগণের সরাসরি ভোটে একাধিক প্রার্থীল মধ্যে নির্বাচিত হয়ে আসতে হত। পরের বছর ওই পার্লামেন্ট নতুন ইউএসএসআর সুপ্রিম সোভিয়েত বানায়, এবং যার প্রেসিডেন্ট হন গর্বাচেভ।

এ সময় থেকে পূর্ব ইউরোপের সোভিয়েত ব্লকভুক্ত দেশগুলোর সংস্কারবাদী কমিউনিস্ট নেতাদের পক্ষে সমর্থন বারবার বিবৃত করেন গর্বাচেভ। পরে সেসব দেশের কমিউনিস্ট শাসন ব্যবস্থার অবসান হওয়ার পর অ-কমিউনিস্ট সরকার দেশগুলোর ক্ষমতায় এলে সিপিএসইউ-র এ নেতা সেসব দেশ থেকে সেনা প্রত্যাহারেও রাজি হয়ে যান।

এরই ধারাবাহিকতায় দুই জার্মানি একত্রিত হলে মার্কিন নেতৃত্বাধীন জোট নেটো লাভবান হবে, তা জেনেবুঝেই পূর্ব ও পশ্চিম জার্মানিকে একত্রিত করতেও রাজি হন তিনি।

এসবই তাকে ১৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কার এনে দেয়।

Image

২০১৪ সালে মস্কোতে নিজের বই ‘আফটার ক্রেমলিন’ নিয়ে এক অনুষ্ঠানে গর্বাচেভ।

সোভিয়েত পতন

গণতন্ত্রায়ন ও বিকেন্দ্রীকরণের গর্বাচেভের নীতি অনেকগুলো প্রজাতন্ত্রে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি করে, অনেক প্রজাতন্ত্র স্বাধীন হওয়ারও চেষ্টা চালায়। মধ্য এশিয়ার অনেক অঞ্চলে জাতিগত বিভেদ দমনে সেসময় গর্বাচেভকে সেনাবাহিনীও ব্যবহার করতে হয়েছিল।

তার অভ্যন্তরীণ নীতি ও সংস্কার সিপিএসইউ-র প্রভাব দিন দিন কমিয়ে আনছিল। ১৯৯০ সালের মার্চে কংগ্রেস অব পিপলস ডেপুটিস তাকে ইউএসএসআরের প্রেসিডেন্ট বানায়, দেয় বিপুল ক্ষমতা। এরপর তার নেতৃত্বাধীন পার্লামেন্ট সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় কমিউনিস্ট পার্টিই থাকবে এমন বাধ্যবাধকতা তুলে দিয়ে অন্যসব দলকে বৈধ করার রাস্তা করে দেয়।

নানান সংস্কার করলেও গর্বাচেভ পুরোপুরি মুক্ত-বাজার নীতি ও বেসরকারীকরণের দিকে ঝোঁকেননি; আগের কর্তৃত্ববাদী কাঠামোতে তার মতো করে যে অর্থনৈতিক ব্যবস্থা চালু ছিল, গর্বাচেভ তা বদলে কিছুটা মুক্তবাজার, কিছুটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এমন ভারসাম্য এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুরোপুরি ব্যর্থ হন।

দলের ভেতর এবং সরকারে তিনি ক্রমশই একা হতে থাকেন; এরই এক পর্যায়ে ১৯৯১ সালের ১৯ থেকে ২১ অগাস্ট ক্ষণস্থায়ী এক অভ্যুত্থানে গৃহবন্দি থাকতে হয় গর্বাচেভ ও তার পরিবারের সদস্যদের। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন ও অন্য সংস্কারবাদীদের বাধার মুখে ওই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায় এবং গর্বাচেভ ফের সোভিয়েতের প্রেসিডেন্ট হন।

পুরনো খবর:

সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা গর্বাচেভের জীবনাবসান

এসময় গর্বাচেভ প্রকৃতপক্ষে ‍‘ঠুঁটো জগন্নাথে’ পরিণত হন। বাধ্য হয়ে ইয়েলৎসিনের সঙ্গে ঐক্য করতে হয় তাকে, কমিউনিস্ট পার্টি ছেড়ে দেওয়ার পাশাপাশি তিনি এর কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন এবং গোয়েন্দা সংস্থা কেজিবি ও সেনাবাহিনীর ওপর সিপিএসইউ-র নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার প্রস্তাবে সমর্থন জানান।

গর্বাচেভ রাজনৈতিক অনেক ক্ষমতাও বিভিন্ন প্রজাতন্ত্রের হাতে হস্তান্তর করেন। এতে সোভিয়েতের ক্ষমতা অনেকটাই কমে যায়, পরে ইয়েলৎসিন নেতৃত্বাধীন সরকার ক্ষয়িষ্ণু ওই সোভিয়েত সরকারের কার্যভার নিজেদের হাতে নিয়ে নেয়। অনেকগুলো প্রজাতন্ত্র ইয়েলৎসিনের নেতৃত্বে একটি কমনওয়েলথ বানাতে রাজি হয়।

১৯৯১ সালের ২৫ ডিসেম্বর গর্বাচেভ সোভিয়েন ইউনিয়নের প্রেসিডেন্ট পদ ছেড়ে দেন; সেদিন একই সঙ্গে সোভিয়েত ইউনিয়নও আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায়।

‘ধুলোয় মিশে যাওয়া অর্জন’

গর্বাচেভ এরপর বৈশ্বিক ও রাশিয়ান বেশকিছু থিঙ্কট্যাঙ্কের সদস্য হিসেবে দুনিয়াজুড়ে বক্তৃতা দিয়ে বেড়ালেও রাশিয়ার রাজনীতি থেকে একপ্রকার হারিয়েই যান। ১৯৯৬ সালে তিনি একবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কিন্তু ভোট পেয়েছিলেন ১ শতাংশেরও কম।

২০০৬ সালে রুশ ধনকুবের ও সাবেক আইনপ্রণেতা আলেকজান্দার লেবেদেভের সঙ্গে মিলে নোভায়া গেজেটার প্রায় অর্ধেকটা কিনে নিয়েছিলেন গর্বাচেভ, উদ্দেশ্য ছিল ক্রেমলিনের নীতিকে চ্যালেঞ্জ জানানো। ২০০৮ সালে গর্বাচেভ ও লেবেদেভ নতুন একটি রাজনৈতিক দল গড়ে তোলারও ঘোষণা দেন, যদিও শেষ পর্যন্ত তা বাস্তবের মুখ দেখেনি।

গর্বাচেভ সবসময় পুতিনের কড়া সমালোচনা করে গেলেও ২০১৪ সালে রাশিয়ার ইউক্রেইন অধিগ্রহণে সমর্থন দিয়েছিলেন। এতে ইউক্রেইন ও পশ্চিমা দেশগুলো তার উপর রুষটও হয়েছিল।

তবে মৃত্যুর আগে ইউক্রেইন রাশিয়ার সামরিক অভিযানের কড়া সমালোচনা করে গেছেন তিনি।

ইউক্রেইনে সেনা পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ গর্বাচেভ তার কাছের অনেককে বলেছিলেন, তার যা অর্জন, পুতিন তা ধুলায় মিশিয়ে দিলেন।