খেরসনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া: জেলেনস্কি
গত সপ্তাহে রাশিয়া ইউক্রেইনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করার পর সেটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেইনীয় বাহিনী।
খেরসনে যুদ্ধাপরাধ ও বেসামরিকদের হত্যার জন্য রাশিয়ার সেনাদের অভিযুক্ত করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত সপ্তাহে রাশিয়া ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় এ প্রদেশটির একই নামের প্রধান শহর থেকে সেনা প্রত্যাহার করার পর সেটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেইনীয় বাহিনী।
রোববার রাত্রিকালীন ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, “তদন্তকারীরা ইতোমধ্যেই রাশিয়ার চারশরও বেশি যুদ্ধাপরাধ নথিবদ্ধ করেছে। বেসামরিক ও সেনাদের মৃতদেহ পাওয়া গেছে।
“দেশের অন্যান্য অংশে প্রবেশ করে যা করেছিল সেই একই রকম বর্বরতার চিহ্ন রেখে গেছে রাশিয়ার সেনাবাহিনী।”
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা জেলেনস্কির এসব অভিযোগ যাচাই করতে পারেনি। তাদের সেনারা সচেতনভাবে বেসামরিকদের লক্ষ্যস্থল করছে, এমন অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর থেকে দেশটির বেশ কয়েকটি জায়গায় গণকবর পাওয়া গেছে। রাজধানী কিইভের কাছে বুচা ও উত্তরাঞ্চলীয় খারকিভ অঞ্চলের গণকবরে পাওয়া বেসামরিকদের মৃতদেহগুলোতে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে রয়টার্স জানিয়েছে। ইউক্রেইন অভিযোগ করেছে, রাশিয়ার সেনারা অপরাধ করছে।
অক্টোবরে জাতিসংঘের একটি কমিশন বলেছে, ইউক্রেইনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এবং যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে মানবাধিকার লংঘনের ‘বেশিরভাগ ঘটনার’ জন্য রাশিয়ার বাহিনীগুলোই দায়ী।
ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর থেকে একমাত্র যে আঞ্চলিক রাজধানী রাশিয়ার বাহিনীগুলো দখল করতে পেরেছিল সেই খেরসন গত সপ্তাহে ছেড়ে আসে তারা, এরপর শুক্রবার ইউক্রেইনের সেনারা শহরটির কেন্দ্রস্থলে পৌঁছায়।
নিপ্রো নদীর পশ্চিম তীরের ওপর নিজেদের নিয়ন্ত্রণ সুরক্ষিত করতে শনিবার থেকে ইউক্রেইনীয় সেনারা দলে দলে খেরসনে প্রবেশ করতে শুরু করে, তখন পথগুলোতে অপেক্ষারত গ্রামবাসীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানায়।
এর আগে মস্কো আরও দুইবার ইউক্রেইনের দুটি এলাকা থেকে বড় ধরনের পশ্চাদপসারণ করলেও যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) ব্যবহার করে ইউক্রেইনের চালানো ব্যাপক পাল্টা-আক্রমণের মুখে রুশ বাহিনী এই প্রথম দখলকৃত এ ধরনের একটি বড় শহর থেকে পিছু হটল।
