ইউক্রেইনের সঙ্গে সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করছে ইইউ
রাশিয়ার বিরুদ্ধে দুই বছরের লড়াইয়ে ইউক্রেইনের জন্য পশ্চিমা মিত্রদেশগুলোর সমর্থন পাওয়া খুবই জরুরি।
ইউক্রেইন এবং মলদোভার সঙ্গে সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
বিবিসি জানায়, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলের মুখপাত্র বলেছেন, এই সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে।
অনেকটা অপ্রত্যাশিতভাবেই নেতাদের এই ঐকমত্য হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেইনের ইইউ’য়ে যোগদান নিয়ে আলোচনা আটকে দেওয়ার হুমকি দিয়ে আসছিল হাঙ্গেরি।
তবে শেষ পর্যন্ত তারা এই আলোচনা শুরু করার সিদ্ধান্তে ভিটো দেয়নি। যদিও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ফেইসবুকে প্রকাশ্যেই এক বার্তায় লিখেছেন: “ইউক্রেইনকে ইইউ সদস্যপদ দেওয়াটা খুবই বাজে একটি সিদ্ধান্ত। হাঙ্গেরি এই সিদ্ধান্তে সামিল হতে চায় না।”
বৃহস্পতিবার ব্রাসেলসে এবছরের শেষ ইইউ সম্মেলনের পর সভার চেয়ারম্যান চার্লস মাইকেল এক ঘোষণায় বলেন, “ইউরোপীয় কাউন্সিল ইউক্রেইন এবং মলদোভাকে সদস্যপদ দেওয়া নিয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
“জর্জিয়ারও সদস্যপদ প্রার্থীর মর্যাদা মঞ্জুর করা হচ্ছে। সেইসঙ্গে বসনিয়ার সদস্যপদ লাভের চেষ্টাও এগিয়ে নেওয়া হবে- দেশটি এর জন্য প্রয়োজনীয় সব বৈশিষ্ট্য অর্জন করলেই তাদের আবেদন বিবেচনায় নেওয়া হবে।”
ইইউ এর সিদ্ধান্তকে ইউক্রেইন এবং ইউরোপের জন্যও ‘বিজয়’ বলে প্রশংসা করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করার পর ইউক্রেইন এবং মলদোভা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করে।
গত জুনে দেশ দুটিকে ইইউ’য়ের সদস্যপদ প্রার্থী হওয়ার মর্যাদা দেওয়া হয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে দুই বছরের লড়াইয়ে ইউক্রেইনের জন্য পশ্চিমা মিত্রদেশগুলোর সমর্থন পাওয়া এখন খুবই জরুরি।
