ইউক্রেইনের হামলায় ক্রাইমিয়ার শিপইয়ার্ডে আগুন, জাহাজ ক্ষতিগ্রস্ত
রাতের বেলা দাউ দাউ করে আগুন জ্বলছে– এমন কিছু ছবি টেলিগ্রামে পোস্ট করেছেন রাজভোজায়েভ।
ক্রাইমিয়া উপদ্বীপের সেভাস্তপোল শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্র ও স্পিডবোট থেকে হামলা চালিয়েছে ইউক্রেইন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ভোররাতের ওই হামলায় শিপইয়ার্ডে আগুন ধরে যায় এবং দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
হামলায় দশটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি স্পিডবোট ব্যবহার করে ইউক্রেইন। এর মধ্যে সাতটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আর রুশ টহল জাহাজগুলো তিনটি স্পিডবোটের সবগুলো ধ্বংস করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সেখানে বলা হয়, ‘শত্রুর’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে মেরামতের জন্য রাখা দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্রাইমিয়ার বৃহত্তম শহর ও কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ বন্দর সেভাস্তপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানিয়েছেন, এ হামলায় ২৪ জন আহত হয়েছেন।
রাতের বেলা দাউ দাউ করে আগুন জ্বলছে– এমন কিছু ছবি টেলিগ্রামে পোস্ট করেছেন রাজভোজায়েভ। ছবিগুলো দেখে বন্দরের অবকাঠামোতে আগুন লেগেছে বলে ধারণা পাওয়া যায়। রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলগুলোতে সাগরের পাশে ওই স্থাপনায় লাগা আগুনের অনেকগুলো ভিডিও ও ছবি পোস্ট করা হয়েছে।
২০১৪ সালে রাশিয়া ইউক্রেইনের এই উপদ্বীপটি দখল করে নিজেদের ভূখণ্ডভুক্ত করে। এই উপদ্বীপের কৌশলগত বন্দর সেভাস্তপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের ঘাঁটি আছে। শিপইয়ার্ডটিতে ওই নৌবহরের জন্য যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ তৈরির পাশাপাশি মেরামতও করা হয়। এই নৌবহর থেকে ইউক্রেইনে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
