যুব বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ বন্ধ করল চীন
গত জুন মাসে চীনের শহরগুলোতে ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণ-যুবাদের মধ্যে বেকারত্বের হার ২০ শতাংশের বেশি বেড়ে রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
তরুণ-যুবাদের মধ্যে বেকারত্বের হার রেকর্ডসংখ্যক বেড়ে যাওয়ায় এ সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশই বন্ধ করে দিয়েছে চীন।
একে চীনের অর্থনীতি নিম্নমুখী হওয়ার সুস্পষ্ট ইঙ্গিত হিসাবেই দেখছেন কেউ কেউ। যদিও চীন সরকার বলছে, দেশের অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের সঙ্গে তাল মেলাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবিসি জানায়, গত জুন মাসে চীনের শহরগুলোতে ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণ-যুবাদের মধ্যে বেকারত্বের হার ২০ শতাংশের বেশি বেড়ে রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্যানুযায়ী, জুলাইয়ে দেশটিতে সামগ্রিক বেকারত্বের হার বেড়ে ৫ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। একইসময়ে সরকার বলেছে, যুব বেকারত্বের হার সংক্রান্ত তথ্যপ্রকাশ আপাতত বন্ধ রাখা হবে। তবে এর সুনির্দিষ্ট কোনও সময়সীমা উল্লেখ করা হয়নি।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র বলেছেন, তরুণ-যুবাদের মধ্যে বেকারত্বের হার নির্ধারণ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা দরকার।
রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ফু লিংহুই বলেন, অর্থনীতি ও সমাজ ক্রমাগত উন্নত এবং পরিবর্তিত হচ্ছে। তাই পরিসংখ্যানগত কাজ অনবরতই উন্নত হওয়া প্রয়োজন।
চীনে ১৬ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে যাওয়া বেকারত্বের হারে প্রভাব ফেলেছে বলে আভাস দিয়েছেন ফু। তবে বলেছেন, চীন কখনও শিক্ষার্থীদের বেকার হিসেবে গণ্য করে না।
যুব বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ বন্ধের ঘোষণার পরপরই চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে বিষয়টি ট্রেন্ড হয়ে উঠতে শুরু করেছে।
