অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসা বস্তুটিতে কোনও রহস্য নেই: ইসরো প্রধান
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশ-ইসরো প্রধান এস সোমনাথ বিবিসি-কে বলেন, ‘‘পরীক্ষা না করে সেটি আমাদের কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব না।”
অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসা বিশালাকৃতির ধাতব ড্রামের মত বস্তুটি রকেটের ধ্বংসাবশেষ বলে নিশ্চিত করেছেন ভারতের মহাকাশ সংস্থা ইসরোর প্রধান।
তবে সেটি ভারতীয় কোনও রকেটের কিনা তিনি তা নিশ্চিত করে বলতে পারেননি।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশ-ইসরো প্রধান এস সোমনাথ বিবিসি-কে বলেন, ‘‘পরীক্ষা না করে সেটি আমাদের কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব না।”
গত সপ্তাহান্তে অস্ট্রেলিয়ার পার্থ থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে গ্রিন হেড সমুদ্রসৈকতে সিলিন্ডারের মতো দেখতে একটি বস্তু ভেসে আসে।
বস্তুটি প্রায় আড়াই মিটার চওড়া ও আড়াই থেকে তিন মিটার দীর্ঘ। এটি উপকূলে ভেসে আসার পর গ্রিন হেড সমুদ্রসৈকতের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নানা ধরনের গুঞ্জন শুরু হয়।
এমনকী কেউ কেউ এটাও বলতে থাকে, গত শুক্রবার ভারত চাঁদের উদ্দেশ্যে যে রকেট নিক্ষেপ করেছে এটি তার অংশ। তবে বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গে এ গুঞ্জন উড়িয়ে দেন।
যদিও শুরুতে সবাই বলাবলি করছিল, সেটি ২০১৪ সালে পশ্চিম অস্ট্রেলিয়া উপকূলে ২৩৯ আরোহী নিয়ে হারিয়ে যাওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজ এমএইচ৩৭০ এর ধ্বংসাবশেষ।
পরে এভিয়েশন বিশেষজ্ঞরা বস্তুটি কোনো বাণিজ্যিক উড়োজাহাজের অংশ হতে পারে না বলে নিশ্চিত করেন। বলেন, সেটি সম্ভবত কোনো রকেটের জ্বালানি ট্যাংক। যেটা কোনোভাবে ভারত মহাসাগরে পতিত হয়েছে।
এভিয়েশন বিশেষজ্ঞরা বিষয়টি স্পষ্ট করে জানানোর পর অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি থেকে বলা হয়, দৈত্যাকার ওই সিলিন্ডারটি ‘বিদেশি কোনো মহাকাশ সংস্থার উৎক্ষেপণ করা রকেট’ থেকে পড়তে পারে।
এরপরই নতুন করে গুঞ্জন ওঠে, এটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলসের (পিএসএলভি) জ্বালানি ট্যাংক। মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে ইসরো নিয়মিত পিএসএলভি ব্যবহার করে থাকে। ফলে এটি গত শুক্রবার ভারত যে রকেটটিকে চন্দ্রাভিযানে পাঠিয়েছে, এটি তারই অংশ বলে গুঞ্জন শুরু হয়।
বিশেষজ্ঞরা অবশ্য এই গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন। বলছেন, ভেসে আসা বস্তুটি অন্তত কয়েক মাস ধরে পানিতে ছিল। ছবিতেও দেখা গেছে, বস্তুটির ওপর অনেক শেওলা জন্মেছে।
ইসরোর প্রধান সোমনাথ বিবিসিকে বলেন, বস্তুটির মধ্যে রহস্যের কিছু নেই। এটি কোনো রকেটের অংশ, এ ব্যাপারে তিনি নিশ্চিত। তিনি বলেন, এটি পিএসএলভি কিংবা অন্য কিছুও হতে পারে। সামনাসামনি না দেখে কিংবা পরীক্ষা না করে নিশ্চিত হওয়া যাবে না।
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ এখনো বস্তুটি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে সোমনাথ বলেছেন, অস্ট্রেলিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পিএসএলভির কিছু অংশ পড়েছে বলে তারা তথ্য পেয়েছেন।
“ওই বস্তুটি হয়তো দীর্ঘদিন পানিতে ভাসতে ভাসতে অবশেষে তীরে পৌঁছেছে। ওই ধ্বংসাবশেষের মধ্যে ঝুঁকির কিছু নেই।”
অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ অবশ্য বস্তুটিকে এখনো ‘বিপজ্জনক’ হিসেবেই দেখছেন। জনগণকে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করেছে পুলিশ। বিশেষজ্ঞদের কেউ কেউ বলেছেন, এর ভেতর বিষাক্ত উপকরণও থাকতে পারে।
