২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে বিষক্রিয়ার শিকার হয়ে হাসপাতালে ৬০ আফগান ছাত্রী

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সার-ই পোল প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

স্কুলে বিষক্রিয়ার শিকার হয়ে হাসপাতালে ৬০ আফগান ছাত্রী

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 05 Jun 2023, 06:32 PM

Updated : 05 Jun 2023, 06:32 PM

স্কুলে বিষক্রিয়ার শিকার হয়ে প্রায় ৬০ আফগান স্কুলছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সার-ই পোল প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে সোমবার এ ঘটনা ঘটেছে।

সার-ই-পোলের পুলিশের মুখপাত্র দ্বীন মোহাম্মদ নাজারি বলেছেন, “কিছু অজ্ঞাতপরিচয় লোক সানচারাক জেলার একটি বালিকা বিদ্যালয়ে ঢোকে ... এবং ক্লাসে বিষ প্রয়োগ করে। পরে মেয়েরা ক্লাসে প্রবেশ করলে তারা বিষক্রিয়ার শিকার হয়।”

 তিনি ঘটনার বিস্তারিত আর কোনও বিবরণ দেননি। তাছাড়া, সেখানে কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছে বা এ ঘটনার পেছনে কারা  জড়িত বলে মনে করা হচ্ছে সে বিষয়েও কোনও তথ্য দেননি নাজারি।

তিনি বলেন, মেয়েদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা এখন ভাল। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগে ইরানে মেয়েদের স্কুলে বিষক্রিয়ার একাধিক ঘটনায় গত বছরের নভেম্বর থেকে আনুমানিক ১৩ হাজার শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এসব শিক্ষার্থীর বেশিরভাগই ছাত্রী।

আফগানিস্তানে এখনকার তালেবান শাসনের আগে বিদেশ-সমর্থিত সরকারের সময়ও মেয়েদের স্কুলে সন্দেহভাজন গ্যাস হামলাসহ বেশ কয়েকটি বিষক্রিয়ার ঘটনা ঘটেছিল।

তবে তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে মেয়েদের স্কুলে বিষপ্রয়োগের ঘটনা এবারই প্রথম বলে মনে করা হচ্ছে।

তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে বেশিরভাগ নারী ও মেয়ে শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে।