২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসভা নির্বাচন: দ্বিতীয় দফায় ভোট চলছে

বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। লোকসভা নির্বাচনে মোট সাত দফায় দেশটির প্রায় ১০০ কোটি মানুষ ভোট দেবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 09:42 AM

Updated : 26 Apr 2024, 10:18 AM

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় শুক্রবার ভোট দিচ্ছেন ভারতীয়রা। প্রথম দফা ভোট হয় গত ১৯ এপ্রিল। মাঝের এই সময়ে ধর্মীয়বিদ্বেষ প্রকাশসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বিরোধী জোটের পরষ্পরকে আক্রমণ আরও তীব্র হয়েছে।

বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। লোকসভা নির্বাচনে মোট সাত দফায় প্রায় ১০০ কোটি মানুষ ভোট দেবেন। ১ জুন শেষ দফা ভোটগ্রহণের পর আগামী ৪ জুন ভোটের ফলাফল প্রকাশ করা হবে।

শুক্রবার দ্বিতীয় দফায় দেশটির ১৩ রাজ্য ও প্রশাসনিক অঞ্চলে লোকসভার ৮৮টি আসনে প্রায় ১৬ কোটি ভোটার ভোট দিচ্ছেন। এদিন ভোট হচ্ছে: কেরালা, কর্নাটক, রাজস্থান, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, ছত্তিসগড়, জম্মু ও কাশ্মীর, মনিপুর এবং ত্রিপুরায়।

ভারতীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

দ্বিতীয় দফায় মোট ৮৯টি আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রদেশের একটি আসনে বহুজন সমাজ পার্টির একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সেখানে আগামী ৭ মে তৃতীয় দফা ভোটের দিন ভোট অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দফা ভোটে সবচেয়ে বড় নাম কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং লোকসভার স্পিকার ওম বিরলা। এছাড়াও, হেমা মালিনী, অরুণ গোভিল, শশী থারুর, কেসি ভেনুগোপালের আসনে এদিন ভোট হচ্ছে।