অবশেষে প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন কেভিন ম্যাককার্থি
ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান প্রতিনিধি ম্যাককার্থির জয়ে মার্কিন কংগ্রেসে কয়েকদিন ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের ভোটে টানা ১৪ বার ব্যর্থ হওয়ার পর ১৫ বারে সফল হলেন রিপাবলিকান কেভিন ম্যাককার্থি, তিনি পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন।
শনিবারের প্রথম কয়েক ঘণ্টায় হওয়া নির্বাচনে ২১৬ ভোট পেয়ে জয়ী হন ক্যালিফোর্নিয়ার এ প্রতিনিধি। তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হাকিম জেফরিস পেয়েছেন ২১২ ভোট।
তবে নিজ দলের কট্টরপন্থিদের বাধা এড়াতে ম্যাককার্থিকে (৫৭) ব্যাপক ছাড় দিতে হয়েছে আর তাতে দলটির শাসন করার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ম্যাককার্থির জয়ে মার্কিন কংগ্রেসে কয়েকদিন ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল। গত ১৬০ বছরের বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসকে এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয়নি।
যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর্বের পর স্পিকার নির্বাচনে এমন অচলাবস্থা আর দেখা যায়নি। ওই সময় ১৮৬০ সালে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে মোট ৪৪ দফা ভোট হয়েছিল।
গত বছর নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে স্পিকার নির্বাচনে অচলাবস্থা দেখা দেয়। স্পিকার নির্বাচন করতে ব্যর্থতার কারণে প্রতিনিধি পরিষদের সদস্যরা শপথ নিতে পারছিলেন না এবং কোনও বিলও পাস করা যাচ্ছিল না।
ম্যাককার্থির স্পিকার নির্বাচিত হতে না পারার মূলে ছিল তার দলেরই কট্টরপন্থি ২০ আইনপ্রণেতা। তারা ম্যাককার্থিকে সমর্থন দিচ্ছিলেন না। বিদ্রোহী এ রিপাবলিকানরা ম্যাককার্থির রক্ষণশীলতা নিয়ে সন্দিহান ছিলেন।
আগের ১৪ বারের ভোটে তারা তাদের বিরোধিতা অব্যাহত রাখলেও ১৫ দফা ভোটের আগে তাদের সঙ্গে আলোচনায় ব্যাপক ছাড় দিতে রাজি হন ম্যাককার্থি। এরপর তাদের মধ্যে ১৬ জন ম্যাককার্থির প্রতি সমর্থন জানালেও ছয় জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
মোট ৪২৮ ভোট পড়ে যার মধ্যে ম্যাককার্থি পান ২১৬ ও জেফরিস পান ২১২ ভোট।
আরও খবর:
