কংগ্রেসের ৩,৫০০ কিলোমিটার ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু
নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের এই পদযাত্রা তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মোকাবেলায় ভারত জুড়তে মরিয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ৩ হাজার ৫ শ’ কিলোমিটার পদযাত্রা কর্মসূচি শুরু করেছেন।
বুধবার বিকাল ৫ টায় তামিলনাড়ুর কন্যাকুমারীতে রাহুলের নেতৃত্বে প্রধান বিরোধীদল কংগ্রেসের এই ‘ভারত জোড়ো যাত্রা’র সূচনা হয়েছে। কন্যাকুমারী, তিরুঅনন্তপুরম থেকে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত যাবে এ যাত্রা।
যাত্রা উদ্বোধনীর আগে রাহুল গান্ধী তামিলনাড়ুুর শ্রীপেরুমবুদুরে তার বাবা ও সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করেন। কন্যাকুমারীতে মহাত্মা গান্ধীমণ্ডপে একটি অনুষ্ঠানেও যোগ দেন তিনি।
সেখানে ভারত জোড়ো যাত্রার উদ্বোধনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন খাদির একটি জাতীয় পতাকা তুলে দেন রাহুলের হাতে। প্রথমে একটি মিছিল করে ভারত জোড়ো যাত্রার সূচনা করা হয়েছে। এরপর বৃহস্পতিবার সকালে কন্যাকুমারী থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ পথে রওনা হবে দল।
এ যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে অংশ নিচ্ছেন কংগ্রেসের ১০০ জনের বেশি সদস্য। ৫ মাস ধরে দেশের ১২ টি রাজ্যর ৩ হাজার ৫৭০ কিলোমিটার পাড়ি দেবে এই পদযাত্রা। কংগ্রেসের নেতাকর্মীরা দিনে ৬ থেকে ৭ ঘণ্টা হাঁটবেন। যাত্রা কালে কোনও হোটেলে থাকবেন না তারা।
তাদের থাকার জন্য ৬০ টি কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে। তারমধ্যে রয়েছে এসি, শোবার বিছানা, টয়লেট। নিরাপত্তাজনিত কারণে রাহুল গান্ধী একটি কন্টেনারে একা থাকবেন। বাকিরা কন্টেনার শেয়ার করে থাকবেন।
দুটি ভাগে ভাগ করে এই যাত্রা হবে। সকাল ৭ টা থেকে সাড়ে ১০ টা, আর দুপুর ৩.৩০ মিনিট থেকে সন্ধ্যে ৬.৩০ মিনিট পর্যন্ত। রাস্তাতেই খাওয়া দাওয়া করবেন পদযাত্রায় অংশ গ্রহণকারীরা। সঙ্গে দেওয়া হবে লন্ড্রি। প্রতিদিন ২২ থেকে ২৩ কিলোমিটার হাঁটতে হবে সবাইকে। যাত্রা শেষ হতে প্রায় ১৫০ দিন সময় লাগবে।
অন্যদিকে, এই যাত্রার প্রচার উপলক্ষ্যে একটি গানও তৈরি করা হয়েছে। সেই গান নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস।
ভারতের কংগ্রেস শতাব্দী পুরোনো রাজনৈতিক দল। কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতি করা ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে ভোটে এক দশক ধরে ধরাশায়ী হয়ে এসেছে দলটি। কংগ্রেসের গুরুত্বপূর্ণ অনেক নেতাও একের পর এক দল ছেড়েছেন।
সামনে আছে বিধানসভা নির্বাচন এবং আরও সামনে ২০২৪ সালে লোকসভা নির্বাচন। এই সব রাজনৈতিক অঙ্কের মধ্যেই কংগ্রেসের এই বিশাল যাত্রাযজ্ঞ শুরু। যদিও কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশকে একাত্ম করতেই এ পদযাত্রা, নির্বাচনের সঙ্গে এর কোনও যোগ নেই।
কংগ্রেসের ঊর্ধ্বতন নেতা শশী থারুর বিবিসি- কে বলেছেন, সংবিধানে সংরক্ষিত ভারতের ধারণার সুরক্ষায় অস্তিত্বের দিক থেকে নানাভাবেই কংগ্রেস লড়ে আসছে। এই পদযাত্রার বার্তা হল, “আমরা হচ্ছি সেই দল যারা ভারতকে ঐক্যবদ্ধ করতে পারি এবং ধর্ম, বর্ণ ও ভাষার ভিত্তিতে ভেদাভেদ বন্ধ করতে পারি, যে ভেদাভেদ সৃষ্টি করে আসছে ক্ষমতাসীন দল।”
তবে বিজেপি’র মতো শক্ত একটি প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে ভারত জোড়ো যাত্রা দিয়ে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার এই অভিযান খুব সহজ হবে না বলেই মনে করছেন অনেকে। কারণ, এ ধরনের পদযাত্রা সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে তখনই, যদি সেই কর্মসূচি জনপ্রিয় কোনও নেতার নেতৃত্বে পরিচালিত হয়।
কিন্তু রাহুলের তেমন জনপ্রিয়তা থাকার প্রমাণ দেখা যায়নি। ১ লাখ ২০ হাজার মানুষের ওপর চালানো নতুন এক জনমত জরিপে রাহুলকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাওয়ার পক্ষে মাত্র ৯ শতাংশ সমর্থন দেখা গেছে, যেখানে মোদীর প্রতি সমর্থন অর্ধেকেরও বেশি।
বিজেপি’র জাতীয় পর্যায়ের ভাইস-প্রেসিডেন্ট বৈজয়ান্ত জয় পান্ডার মতে, দুই দশকে রাহুলের সঙ্গে সাধারণ মানুষের সংশ্রব ছুটে গেছে। তাই তার আর কোনও বিশ্বাসযোগ্যতা নেই। সেকারণে কংগ্রেস এখন পদযাত্রার মধ্য দিয়ে রাহুলের ভাবমূর্তি পুনরুদ্ধারে নেমেছে।
ওদিকে, কংগ্রেস নিয়ে একান্ত বিচার-বিশ্লেষণমূলক লেখনী লেখা রাজনীতি বিশেষজ্ঞ জয়া হাসান বলছেন, এই দীর্ঘ পদযাত্রা রাহুল গান্ধীকে একজন জাতীয় নেতা হিসাবে নতুন করে তুলে ধরার চেষ্টা বলেই তিনি মনে করছেন।
তার মতে, “ভারতের সমাজ যখন ব্যাপকভাবে মেরুকরণ হয়ে পড়েছে, তখন মানুষকে ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দিয়ে সমাজকে বার্তা দেওয়া জরুরি। এ পদক্ষেপকে সবারই স্বাগত জানানো উচিত।”
