ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, এরপর কী?
যুক্তরাষ্ট্রের এই সাবেক প্রেসিডেন্ট মঙ্গলবারের মামলায় দোষীসাব্যস্ত হলে তার সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের সাজা হতে পারে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডনাল্ড ট্রাম্পই প্রথম কোনও সাবেক প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার কাজ শুরু হচ্ছে। কীভাবে তার আইনিদল এ মামলা লড়বেন এবং তার জন্য কী ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটাই এখন দেখার বিষয়।
৭৬ বছরের ট্রাম্প মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহ্যাটন ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করেন। আদালতে ওইদিন ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসার আয়-ব্যয় সংক্রান্ত ভুয়া তথ্য দেওয়াসহ মোট ৩৪টি অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও ট্রাম্পের বিরুদ্ধে মঙ্গলবার যেসব অভিযোগ দায়ের করা হয়েছে তার সবগুলোই আইনের চোখে সাধারণত লঘু অপরাধ বলে বিবেচিত হয়।
ট্রাম্পের বিরুদ্ধে এর থেকেও গুরুতর অপরাধের অভিযোগে তদন্ত চলছে। যদি ট্রাম্প মঙ্গলবারের মামলায় দোষীসাব্যস্ত হন, তবে তার সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের সাজা হতে পারে।
গত ৩০ মার্চ নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করে। ট্রাম্পের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের মূলে রয়েছেন স্টর্মি ড্যানিয়ালস নামে একজন সাবেক পর্ন তারকা।
যিনি অভিযোগ করেছেন, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ট্রাম্প গোপনে তার আইনজীবীর মাধ্যমে তাকে মোটা অংকের অর্থ প্রদান করেন।
কোনো সন্দেহ নেই যে, ট্রাম্পের বিরুদ্ধে এ মামলার বিচার কার্যক্রম নিয়ে পুরো বিশ্বের আগ্রহ রয়েছে। তবে সমানে যে আইনি প্রক্রিয়া হতে যাচ্ছে তা দীর্ঘ কয়েকমাস ধরে চলবে। এবং অবশ্যই ট্রাম্পের আইনজীবীরা মামলাটি খারিজের জন্য জোর লড়াই চালিয়ে যাবেন।
ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাটি নিয়ে বিশ্লেষণ করেছে বার্তা সংস্থা রয়টার্স
আদালতকক্ষে, প্রচারণার পথে:
২০২২ সালের প্রথম তিন-চতুর্থাংশে ম্যানহ্যাটন আদালতে ফৌজদারি মামলাগুলোর ক্ষেত্রে সাধারণত অভিযুক্ত হওয়ার পর থেকে মামলার বিচারের শুনানি শুরু হওয়া পর্যন্ত ৯০০ দিনের বেশি সময় লেগেছে। রাজ্যের ফৌজদারি বিচার পরিষেবা বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।
ট্রাম্পের মামলার বেলায় সবকিছু সাধারণের চাইতে বেশ খানিকটা আলাদা হচ্ছে। তার আইনজীবীরা বলেছেন, তারা আক্রমণাত্মক ভাবেই এই মামলা লড়বেন এবং তাদের পক্ষে নথিপত্রের ঝড় তুলবেন।
আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ২০২৪ সালের শুরুর দিকে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং দলটি ওই বছরের মাঝামাঝিতে গিয়ে আনুষ্ঠানিকভাব প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করবে।যিনি বর্তমান প্রেসিডেন্ট এবং সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।
যদি ট্রাম্প নির্বাচিত হনও, তবুও তিনি নিজের বিরুদ্ধে ফৌজদারি মামলার ক্ষেত্রে নিজেকে ক্ষমা করার অধিকার রাখেন না। কিন্তু একজন নির্বাচিত প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা চলে তবে সেটা কোন পথে অগ্রসর হবে সে বিষয়েও মার্কিন আইনে সুস্পষ্ট করে কিছু বলা নেই। কারণ, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অতীতে কখনও এ ধরনের সংকট দেখা দেয়নি।
ম্যানহ্যাটনের একজন সাবেক প্রসিকিউটর বলেন, ‘‘এ ঘটনা এতটাই নজিরবিহীন যে এটা নিয়ে কিছু বলা আমার জন্য কঠিন। আমার মনে হয় বিষয়টা খুবই জটিল।”
ট্রাম্পের বিরুদ্ধে শুধু ম্যানহ্যাটন আদালতের ফৌজদারি মামলাই নয় বরং তার বিরুদ্ধে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর প্রতিদ্বন্দ্বী জয়ী প্রার্থীকে উৎখাতের চেষ্টা এবং রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের অপরাধ তদন্ত চলছে।
যেভাবে মামলা লড়বেন ট্রাম্প:
ক্যারিয়ারের শুরুতে একজন আবাসন ব্যবসায়ী, একজন টেলিভিশন তারকা ও তারপর পর একজন রাজনীতিবিদ হিসেবে চতুর ট্রাম্প বরাবরই আক্রমণাত্মক ভঙ্গিতে প্রতিপক্ষকে পাল্টা আক্রমণ করেছেন এবং যখনই আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তখন কালক্ষেপণ করার কৌশল অবলম্বন করেছেন।
মঙ্গলবারের মামলাতেও তিনি একই কৌশল অবলম্বন করার চেষ্টা করেছেন। ম্যানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগের (যিনি একজন নির্বাচিত ডেমোক্র্যাট) বিরুদ্ধে ট্রাম্প অভিযোগ করে বলেন, ব্র্যাগের রাজনৈতিক উদ্দেশ হাসিলের লক্ষ্যে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। এ যুক্তি দেখিয়ে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে খারিজ করার আবেদন করেন।
এমনকী তিনি বিচারক জুয়ান মার্চানকেও ছাড়েননি। বলেছেন, বিচারক মার্বাচন গত বছর ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির একটি ফৌজদারি মামলা তদারকি করার সময় ন্যায়সংগত আচরণ করেননি।
তিনি মঙ্গলবার সকালে তার মামলার বিচার কাজ ডেমোক্র্যাটিক অধ্যুষিত ম্যানহ্যাটন থেকে স্টাটেন আইল্যান্ডে নিয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন।
তবে মামলার বিচারকার্য থেকে বিচারক মার্চানকে সরাতে হলে ট্রাম্পের আইনজীবীদের বিচারকের অযোগ্যতা(এই মামলার পরিপ্রেক্ষিতে) প্রমাণ করতে হবে। তাদেরকে প্রস্তাব দাখিল করতে হবে, কেন মার্চান মামলাটি পরিচালনা করার যোগ্যতা রাখেন না; কাজটি নিঃসন্দেহে ট্রাম্পের আইনজীবীদের জন্য কঠিন। এ বিষয়ে ম্যানহ্যাটনের সাবেক সহকারী জেলা অ্যাটর্নি মার্ক স্কোল বলেছেন, ভিত্তিহীন বিষয়টিকে অবশ্যই প্রত্যাখ্যান করা হবে।
ঠিক একইভাবে স্থান পরিবর্তনের যে কোনো অনুরোধও প্রত্যাখ্যান করা হবে বলে মনে করেন সাবেক এই অ্যাটর্নি।
নিই ইয়র্ক রাজ্যের আইন অনুযায়ী, ব্যবসা সংক্রান্ত ভুয়া তথ্য দেওয়া লঘু অপরাধ এবং এ ধরণের মামলায় দোষীসাব্যস্ত হলে সর্বোচ্চ এক বছরের কারদণ্ড হতে পারে।
মঙ্গলবার বিচারক ব্রাগ ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলোকে অপরাধ বলেছেন এবং সেক্ষেত্রেও সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে। এক্ষেত্রে ব্রাগের যুক্তি দেখিয়েছেন, ট্রাম্প তার নির্বাচনী প্রচার সংক্রান্ত আর্থিক অনিয়ম আড়াল করতে ব্যবসার আয়-ব্যয় নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন।
ব্রাগের ওই যুক্তিকে অবশ্যই চ্যালেঞ্জ জানাবেন ট্রাম্পের আইনজীবীরা।
এভাবে আরও নানা ইস্যুতে ট্রাম্প বিচারকার্যে বিলম্ব ঘটানোর চেষ্টা করতে পারেন বলে মনে করছেন অনেকে; মামলার অনেক কিছু নিয়েই করতে পারেন চ্যালেঞ্জ।
যদিও বিচার চলাকালে নির্বাচনে অংশ নিতে কোনও আইনি বাধার মুখে পড়বেন না অভিযুক্ত ট্রাম্প, তবে প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রচারে নিঃসন্দেহে প্রভাব ফেলবে।
