আবে হত্যাকাণ্ড: পদত্যাগ করছেন জাপানের পুলিশ প্রধান
জাপানের জাতীয় পুলিশ সংস্থার প্রধান ইতারু নাকামুরা তার সংস্থা এবং নিরাপত্তা দায়িত্বের ‘নতুন সূচনা’র প্রয়োজনে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হত্যাকাণ্ডের দায় মাথায় নিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দেশটির জাতীয় পুলিশ সংস্থার প্রধান ইতারু নাকামুরা।
পুলিশ সংস্থা এবং নিরাপত্তা দায়িত্বের ‘নতুন সূচনা’র প্রয়োজনেই পদত্যাগ করছেন বলে জানিয়েছেন নাকামুরা।
গত ৮ জুলাই জাপানের নারা শহরে নির্বাচনী প্রচার চালানোর সময় এক বন্দুকধারীর অতর্কিত হামলায় নিহত হন শিনজো আবে।
তদন্তে দেখা গেছে, হামলার দিন সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মারাত্মক ঘাটতি ছিল।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নাকামুরা বলেছেন, “আমাদের নতুন নিরাপত্তা পরিকল্পনা যাচাইয়ের প্রক্রিয়ায় আমরা বুঝতে পেরেছি যে, আমাদের নিরাপত্তার সব দায়-দায়িত্ব নতুন করে শুরু করা প্রয়োজন।”
“নতুন একটি নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আমাদের নবযাত্রায় একটি নতুন সংস্থা তৈরি করাটাই কেবল আমাদের জন্য স্বাভাবিক বিষয়।”
হামলার ঘটনার ফুটেজ বিশ্লেষণ করে দেখে ৮ বিশেষজ্ঞ বলেছেন, ঘাতক প্রথম গুলি ছোড়ার পর দ্বিতীয় গুলির মাঝখানে ব্যবধান ছিল আড়াই সেকেন্ড। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। সে সময়ই আবের দেহরক্ষীরা তাকে ঘিরে দাঁড়িয়ে কিংবা টেনে সেখান থেকে সরিয়ে নিয়ে তার জীবন বাঁচাতে পারতেন।
হত্যাকাণ্ডের দিন নারা শহরে নিরাপত্তার ব্যাপক ঘাটতির দায় মাথায় নিয়ে শহরটির পুলিশ প্রধান তোমোয়াকি ওনিজুকাও এরই মধ্যে পদত্যাগ করেছেন।
নির্বাচনী প্রচারণা চালানোর সময় আবের চারপাশে নিরাপত্তা ত্রুটি ছিল বলে স্বীকার করেছেন জাপানের কর্মকর্তারাসহ প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও।
আরও পড়ুন:
