যেভাবে হত্যা করা হয় শিনজো আবেকে
দুই দফা মিলিয়ে সবচেয়ে বেশিদিন জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা শিনজো আবের হত্যাকাণ্ড গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে।
শুক্রবার সকালে নারা শহরে নির্বাচনী পথসভায় বক্তৃতার সময় পেছন থেকে গুলি করার হলে কয়েক ঘণ্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়।
গুলিবিদ্ধ হওয়ার আগে নারা শহরে নির্বাচনী পথসভায় বক্তৃতা করছিলেন শিনজো আবে। ছবি রয়টার্স
বিবিসি জানিয়েছে, আবে যে স্থানে বক্তৃতা করছিলেন, সেটি রাজধানী টোকিও থেকে ৪৮০ কিলোমিটার দূরে। তিনি নারার পুননির্বাচনে জাপান পার্লামেন্টের উচ্চ কক্ষের বর্তমান সদস্য কেই সাতোর পক্ষে বক্তব্য দিচ্ছিলেন।
বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হলে পড়ে যান শিনজো আবে। ছবি রয়টার্স
ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা বন্দুকধারীকে ধরে ফেলেন, যাকে এখন হেফাজতে রাখা হয়েছে। সেখানে মাটিতে পড়ে থাকা একটি বন্দুকও উদ্ধার করেছে তারা। বন্দুকটি হাতে তৈরি বলে মনে করা হলেও পুলিশ এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।
যে অস্ত্র থেকে শিনজো আবেকে গুলি করা হয়েছে, সেটি হাতে বানানো বলে পুলিশের ধারণা।
শিনজো আবেকে গুলির ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে সবাই। ছবি রয়টার্স
গুলি লাগার পর অতিরিক্ত রক্তক্ষরণেই দেশটির প্রভাবশালী এ রাজনীতিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শিনজো আবেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তেতসুইয়া ইয়ামাগামি (৪১) নারা শহরেরই বাসিন্দা। তিনি জাপানের নৌ বাহিনীর মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সাবেক সদস্য।
তেতসুইয়া জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, আবের প্রতি তার অসন্তোষ ছিল, সে কারণেই তাকে ‘হত্যা’ করতে চেয়েছিলেন।
