২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার উপকূলে নৌকা ডুবে ৭০ রোহিঙ্গার মৃত্যু

নৌকাটিতে ১৫১ জন ছিল। তাদের ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।

ইন্দোনেশিয়ার উপকূলে নৌকা ডুবে ৭০ রোহিঙ্গার মৃত্যু

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 22 Mar 2024, 07:45 PM

Updated : 22 Mar 2024, 07:45 PM

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে একটি নৌকা ডুবে মিয়ানমারের ৭০ জনের বেশি রোহিঙ্গা ‘নিহত কিংবা নিখোঁজ’ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর শুক্রবার একথা জানিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংগঠনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে সংস্থাটি জানায়, মৃতের সংখ্যা নিশ্চিত হলে এবছর এটিই হবে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

বুধবার জেলেরা ৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধর করার সময় সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছিল। আচেহ এর এক জেলে সম্প্রদায় বলেছে, তীব্র স্রোতে নৌকা উল্টে যাওয়ার পর তারা এর তলদেশের ওপর দাঁড়িয়ে ছিল।

ইউএনএইচসিআর এর মুখপাত্র বারবারা বালুচ বলেন, নৌকাটিতে ১৫১ জন ছিল। তাদের ৭৫ জনকে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার করেছে। বাকিরা মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে।

আচেহ প্রদেশে ইউএনএইচসিআর এর প্রটেকশন অ্যাসোসিয়েট ফয়সাল রেহমান বলেন, বেঁচে যাওয়া রোহিঙ্গারা ভাল আছে। তাদেরকে আচেহ পশ্চিমাঞ্চলে রেডক্রসের একটি ভবনে রাখা হয়েছে।

ইউএনএইচসিআর এর হিসাবমতে, ২,৩০০ জনের বেশি রোহিঙ্গা গতবছর ইন্দোনেশিয়ায় গেছে। এ সংখ্যা দেশটিতে গত চার বছরে আসা রোহিঙ্গার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।