টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ১
এ সময় সাগরে ভাসতে থাকা ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসার সময় টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুইজন নিহত ও এক নারী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া সাগরে ভাসতে থাকা ১৬ জনকে জীবিত উদ্ধার করে পুলিশে দিয়েছে কোস্ট গার্ড। যাদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
সোমবার মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।
মঙ্গলবার বিকালে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, রাতে একটি রোহিঙ্গাবোঝাই ট্রলার উপকূলে এসে ডুবে যায়। এ ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ বলেন, “রাতে আমরা দুজনের লাশ উদ্ধার করি; যা বাহারছড়া কচ্ছপিয়া করাচিপাড়া সৈকত থেকে উদ্ধার করি। লাশ দেখে মনে হচ্ছে, উপকূলের কাছে এসে ডুবে গেছে ট্রলার।”
উদ্ধার হওয়া উখিয়ার বাসিন্দা মো. কোরবান আলী বলেন, “আমি ও আরেকজন বৌদ্ধ ধর্মের ছেলে এক বছর মিয়ানমারে কারাভোগ শেষে দেশে আসার জন্য কোনো উপায় না পেয়ে নৌকা নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে চলে আসছিলাম।
“বাহারছড়া কাছাকাছি এসে আমাদের নৌকা ডুবে যায়। আমরা ১৯ জন ছিলাম। সেখানে এক শিশু ও এক মহিলা মারা গেছে। আরেকজন নিখোঁজ রয়েছে। বাকি ১৬ জনদের উদ্ধার করে কোস্ট গার্ড।”
সন্ধ্যায় ওসি সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার ১৬ জনকে যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
