ছিল না ২৫ রুপিও, রাতারাতি কোটিপতি হলেন ১১ নারী
২৫০ রুপি জমিয়ে গত জুনেই তা দিয়ে ভারতের কেরালা রাজ্য সরকারের ২০২৩ মনসুন বাম্পার লটারি থেকে টিকিট কেনেন এই নারী পরিচ্ছন্নতাকর্মীরা।
ভারতের কেরালা রাজ্যের ১১ জন নারী পরিচ্ছন্নতাকর্মী, কোনওভাবে পৌরসভার কাজ করে চলত যাদের সংসার। হাতে থাকত না ২৫ রূপিও। কিন্তু খুলে গেল কপাল। একসঙ্গে লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন তারা। জিতলেন ১০ কোটি রুপি।
কেরালার পরপ্পানংগাদি পৌরসভার হরিৎ কর্ম প্রকল্পে নিয়োজিত এই ১১ নারী। বাড়ি বাড়ি গিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অজৈব বর্জ্য সংগ্রহ করাই যাদের কাজ। দিনে তাদের আয় ২৫০ রুপি।
তারা বলছিলেন, এই আয়ে সংসার চলে না। সন্তানের পড়ালেখা ও সংসারের অন্যান্য খরচ মেটাতে ধারদেনা করতে হয়। তাই ভাগ্য পরীক্ষা করতে ১১ নারী মিলে ঠিক করেন লটারির টিকিট কিনবেন। একজনের পক্ষে টিকিট কেনা কঠিন ছিল। তাই তারা কষ্ট করে অর্থ জমান।
এরপর ২৫০ রূপি জমিয়ে গত জুনেই তা দিয়ে রাজ্য সরকারের ২০২৩ মনসুন বাম্পার লটারি থেকে টিকিট কেনেন ১১ নারী। ৯ নারী দিয়েছিলেন ২৫ টাকা করে। আর দুই নারী দিয়েছিলেন সাড়ে ১২ রূপি করে।
কুত্তিমালু নামের এক নারী বিবিসি-কে বলেন, শুরুতে টিকিট কিনতে অর্থ সংগ্রহের সময় তার মন খারাপ হয়েছিল। কারণ, তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। পরে দলের আরেকজন নারী চেরুমানলি তাকে বলেন যে, তার কাছে ২৫ রুপি আছে। তিনি টিকিটের জন্য কুত্তিমালুকে অর্ধেক রূপি দিতে রাজি হন। সুতরাং, এই দুই নারী ভাগাভাগি করে সাড়ে ১২ রুপি দেন।
এ সিদ্ধান্তই যে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে, সে কথা তারা জানতেন না। গত সপ্তাহে লটারির ড্র হয়। আর তাতেই হয় বাজিমাত।
এর আগেও এই নারীরা লটারি কেটেছিলেন। তখন তারা ছোটখাটো পুরস্কার জেতেন। এবার এত বড় পুরষ্কার জিতবেন তা কল্পনাতেও ছিল না। একজন নারী বলেন, যখন জানতে পারলেন যে, অন্য একজন কোটি রূপি পুরস্কার জিতেছেন, তখন হতাশ হয়েছিলেন।
পরে জানতে পারেন যে তারাই জ্যাকপট জিতেছেন। কেরালার টিকিট বিভাগ এই ১১ নারীকে ১০ কোটি রূপির লটারির বিজয়ী ঘোষণা করেছে। কুত্তিমালু বলেন, “আমরা রাজি হয়েছিলাম যে, লটারি জিতলে সবাই সমান ভাগ করে নেব। এত বড় অঙ্কের লটারি জিতব, তা ভাবিনি।”
ভারতের বেশির ভাগ রাজ্যে লটারি অবৈধ। তবে কেরালা রাজ্য সরকার নিজেই একটি লটারি প্রকল্প চালায়। তাদের এই লটারি রাজ্যে জনপ্রিয়। তবে বেসরকারি উদ্যোগে রাজ্যে কোনও লটারি পরিচালনা নিষিদ্ধ।
লটারি জেতা নারীদলটির পক্ষ থেকে সাধারণত রাধা নামের এক নারী লটারি কিনে থাকেন। তিনি বলেন, “একবার আমরা এক হাজার রুপি পুরস্কার জিতেছিলাম। সেটি আমরা সবার মধ্যে ভাগাভাগি করে নিয়েছি।”
তিনি বলেন, “এ নিয়ে আমরা চতুর্থবার লটারির টিকিট কিনেছি। এবার আমাদের ভাগ্য খুলেছে।” ১১ নারী ড্র হওয়ার পরদিন জানতে পারেন তারা লটারি জিতেছেন। কীভাবে জানলেন সে ব্যাখ্যাও দিয়েছেন তারা। বলেছেন, তাদের দলের একজন তার স্বামীকে টিকিটের নম্বর চেক করতে বলেছিলেন।
রাধা বলেন, “ভাগ্য কখনও আমার অনুকূলে ছিল না। ২০১৮ সালে কেরালায় ভয়াবহ বন্যায় বাড়ি ভেসে যায়।” এখন তিনি একটি বাড়ি তৈরি করা এবং ঋণ পরিশোধের পরিকল্পনা করছেন।
দলের অন্য নারীরাও বলেছেন একই ধরনের কথা। বিন্দু নামের এক নারী বলেন, কিডনির রোগে গত বছর স্বামীকে হারিয়েছেন। তার পরিবারের পক্ষে স্বামীর চিকিৎসা খরচ জোগাড় করা সম্ভব ছিল না।
স্বামীর কিডনি ডায়ালাইসিসের জন্য জমানো অর্থ থেকে তিনি লটারির টিকিট কিনতেন বলে জানান বিন্দু। স্বামী বাড়ির নির্মাণকাজ শেষ করে যেতে পারেননি জানিয়ে এই নারী বলেন, এখন তিনি এই কাজ শেষ করতে চান। লটারির অর্থে মেয়ের লেখাপড়ার খরচও চালাতে চান তিনি।
দলের আরেক নারী লক্ষ্মী বলেন, লটারি জেতার আগে তিনি ও তার পরিবার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। তার নির্মাণশ্রমিক স্বামী কাজ জোগাড়ের চেষ্টা করছিলেন। কারণ, রাজ্যে বন্যার কারণে তার কাজ ছিল না। এই দম্পতি এখন চিন্তামুক্ত। মেয়ের পড়াশোনার খরচও তারা এখন করতে পারবেন।
দলটির আরেক সদস্য লীলা। মেয়ের অস্ত্রোপচারের অর্থ পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এই নারী। এখন তিনিও চিন্তামুক্ত।
সরকারের কর দেওয়ার পর এই ১১ নারী ৬ কোটি ৩০ লাখ রূপি পাবেন এবং প্রত্যেকেই এ অর্থের সমান ভাগ পাবেন।
