২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ছুরি হামলায় নিহত ৪

পুলিশ ফোনকল পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে জ্বলতে থাকা একটি বাড়িতে ভুক্তভোগীদের খুঁজে পায়।

নিউ ইয়র্কে ছুরি হামলায় নিহত ৪

ছবি: বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2023, 11:21 PM

Updated : 03 Dec 2023, 11:21 PM

নিউ ইয়র্কের কুইন্স শহরে ছুরি হামলায় দুই শিশুসহ চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

বিবিসি জানায়, রোববার সকালের দিকে পুলিশ ফোনকল পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে জ্বলতে থাকা একটি বাড়িতে ভুক্তভোগীদের খুঁজে পায়।

সন্দেহভাজন এক ব্যক্তি দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। এরপর আহত এক পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তিকে গুলি করেন।

সন্দেহভাজন এই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর সে মারা গেছে বলে জানানো হয়।

জ্যামাইকা হাসপাতালে এক ব্রিফিংয়ে পুলিশ নিশ্চিত করে জানিয়েছে যে, তারা ৯১১ নম্বরে কল পেয়েছে। তাতে এক তরুণী জানায় যে তার কাজিন তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করছে।

এই ফোন পাওয়ার পর দুই পুলিশ কর্মকর্তাকে বিচ ২২ স্ট্রিট এর ঠিকানায় পাঠানো হয়। সেখানে গিয়ে তারা দেখেন এক ব্যক্তি লাগেজ নিয়ে হেঁটে যাচ্ছেন।

পুলিশ কর্মকর্তা দুইজন তার সঙ্গে কথা বলার চেষ্টা করতেই সেই ব্যক্তি ছুরি বের করে এক কর্মকর্তার ঘাড় ও বুকে আঘাত করেন এবং আরেক কর্মকর্তার মাথায় আঘাত করেন।

এ সময় আহত এক পুলিশ কর্মকর্তা ছুরি হামলাকারীকে গুলি করেন। পরে আরও পুলিশঘটনাস্থলে গিয়ে বাড়ির সামনে ১১ বছরের একটি মেয়েকে আহত অবস্থায় দেখতে পায়। তাকে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

এরপর নিউ ইয়র্কের দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বাড়ির ভেতরে আরও তিনটি মৃতদেহ পায়। তাদের একজন ১২ বছর বয়সের একটি ছেলে, ৪৪ বছর বয়সী এক নারী এবং ৩০ বছর বয়সী এক পুরুষ।

আহত ৬১ বছরের আরেকজন নারীকে মাউন্ট সিনাই হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে ছুরির কয়েকটি আঘাত আছে। পুলিশের ধারণা, চারজন ছুরিকাঘাতের কারণেই মারা গেছে। ঘটনাস্থল থেকে রান্নাঘরে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার হয়েছে।