ককরোচ পার্টির আটক নেতা অভিজিৎ দীপকের দাদির মৃত্যু
পুলিশ এখন বলছে, মানবিক কারণে তারা দীপকেকে তার গ্রামে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে চায়।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লিতে গ্রেপ্তার হওয়ার দিনটিতেই তার দাদির মৃত্যু হয়েছে।
শনিবার সকালে মহারাষ্ট্র রাজ্যের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে বয়সজনিত রোগে ভুগে দীপকের দাদির মৃত্যু হয়।
এনডিটিভি জানিয়েছে, ওই সময় তার নাতি দীপকে সিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে মুম্বাই থেকে দিল্লিগামী একটি ফ্লাইটে উঠে গিয়েছিলেন। তাদের দিল্লির যন্তর মন্তরে সিজেপির এক প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু দিল্লিতে নামার আগেই উড়োজাহাজ থেকে দীপকে ও সিজেপির আরও দুই নেতাকে আটক করে পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, তারা দীপকেকে (৩১) তার দাদির মৃত্যুর কথা অবহিত করে তার শেষকৃত্যে যেন তিনি যোগ দিতে পারেন, সেজন্য তাকে মহারাষ্ট্রে উড়িয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা ‘যথাযথ সংবেদনশীলতার’ সঙ্গে অবিলম্বে দীপকেকে তার দাদির মৃত্যুর কথা জানিয়েছে আর তাকে শেষকৃত্যের নির্ধারিত সময়ের কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ এখন বলছে, মানবিক কারণে তারা দীপকেকে তার গ্রামে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে চায়।
কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছেন, এখন দীপকে সিদ্ধান্ত নেবেন, তিনি দাদির শেষকৃতে যোগ দিতে যাবেন না দিল্লিতে আটক থেকেই আন্দোলন চালিয়ে নেবেন।
