অভিজিৎ দীপকে গ্রেপ্তারের পর ককরোচের বিক্ষোভের নেতৃত্ব অজিঙ্ক শিন্দের কাঁধে
রেকর্ড করা এক ঘোষণায় দীপকে জানিয়েছেন, ককরোচ পার্টির অন্যান্য নেতা মুক্তি না পাওয়া পর্যন্ত শিন্দে বিক্ষোভের নেতৃত্ব দেবেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে নয়া দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভের আগে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও অন্যান্য শীর্ষ নেতা গ্রেপ্তার হওয়ার পর আন্দোলনের নেতৃত্ব সংগঠনটির ইনচার্জ অজিঙ্ক শিন্দের কাঁধে বর্তেছে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে অভিজিৎকে আটক করা হয়। তার সঙ্গে থাকা সিজেপির শীর্ষ নেতা সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কারাকেও আটক করে পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, সিজেপির প্রতিষ্ঠাতা দীপকে দিল্লিতে তাকে আটক করা হতে পারে এমনটি আগেই অনুমান করেছিলেন, তাই সিজেপির শীর্ষ নেতৃবৃন্দ আটক হওয়ার পর আন্দোলন এগিয়ে নিতে শিন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।
শনিবার আগে থেকে রেকর্ড করা এক ঘোষণায় দীপকে জানিয়েছেন, অন্যান্য নেতা মুক্তি না পাওয়া পর্যন্ত শিন্দে বিক্ষোভের নেতৃত্ব দেবেন।
উড়োজাহাজ থেকে দীপকে আটক হওয়ার কিছুক্ষণ পর তার ঘোষণার ভিডিওটি সিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়।
পোস্টে দীপকে বলেন, “যদি আপনারা এই ভিডিও দেখতে থাকেন তবে জানাবেন, আমি, সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কারা গ্রেপ্তার হয়েছি। আমাদের অনুপস্থিতে অজিঙ্ক বিক্ষোভের ও সিজেপি আন্দোলনের নেতৃত্ব দেবেন। দয়া করে তাকে অনুসরণ করবেন।”
দিল্লিতে ককরোচ পার্টির সমাবেশে যোগ দিতে চাওয়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানীর নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার হয়েছেন। মমতার পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন।
