জাতিসংঘের নারী বিষয়ক পর্ষদ থেকে ইরানকে বাদ দিতে ভোট
প্রস্তাবটির উপর বুধবার জাতিসংঘের ৫৪ সদস্যের ইকোনোমিক অ্যান্ড সোস্যাল কাউন্সিল (ইসিওএসওসি) ভোট দেবে। ভোট যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে যাওয়ার এবং ইরান ওই পর্ষদ থেকে বাদ পড়তে পারে।
ইরান সরকারের বিভিন্ন নীতি নারী ও মেয়ে শিশুদের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নারী বিষয়ক একটি পর্ষদ থেকে দেশটিকে বাদ দেওয়ার প্রস্তাব (রেজ্যুলেশন) তুলেছে।
প্রস্তাবটির উপর বুধবার জাতিসংঘের ৫৪ সদস্যের ইকোনোমিক অ্যান্ড সোস্যাল কাউন্সিল (ইসিওএসওসি) ভোট দেবে। ভোট যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে গেলে ইরান ওই পর্ষদ থেকে বাদ পড়তে পারে। যদিও অনেক দেশ প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকবে বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসিওএসওসি-র ৪৫ সদস্যের নারী বিষয়ক (স্ট্যাটাস অব উইম্যান) কমিশন প্রতিবছর মার্চ মাসে বার্ষিক সভায় মিলিত হয় এবং কীভাবে লিঙ্গসমতা এবং নারীর ক্ষমতায়নের বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরা যায় তা নিয়ে আলোচনা করে পরবর্তী বছরের লক্ষ্য ঠিক করে।
মার্কিন এক কর্মকর্তা দাবি করেন, ইরানকে ওই পর্ষদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে ‘দিন দিন সমর্থন বাড়ছে’ বলে তারা দেখতে পাচ্ছেন।
এদিকে, ইরান ও আরো ১৭ দেশ এবং ফিলিস্তিনের পক্ষ থেকে ইসিওএসওসি-র কাছে সোমবার পাঠানো পাল্টা চিঠিতে বলা হয়েছে, ‘‘ওই ভোট নিঃসন্দেহে একটি অনাকাঙ্খিত নজির তৈরি করবে। যা শেষ পর্যন্ত বিভিন্ন সংস্কৃতি, রীতিনীতি এবং ঐতিহ্য ধারণ করা অন্যান্য সদস্য দেশগুলিকে এই ধরনের কমিশনের কার্যক্রমে অবদান রাখতে বাধা দেবে।’’
চিঠিতে সদস্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবে বিপক্ষে ভোট দেওয়ারও আহ্বান জানানো হয়।
তাদের যুক্তি, ‘‘না হলে আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে স্বাধীন এবং ন্যায়সঙ্গত ভাবে নির্বাচিত রাষ্ট্রগুলিকে বহিষ্কারের নতুন প্রবণতা তৈরি হবে।”
ওই চিঠিতে যে কয়টি দেশ সই করেছে তাদের মধ্যে মাত্র পাঁচটি বর্তমানে ইসিওএসওসি-র সদস্য এবং বুধবার ভোটদানের ক্ষমতা রয়েছে।
হিজাব ঠিকমত না পরার অভিযোগে তেহরানে নীতি পুলিশের হাতে আটক মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যু ঘিরে প্রায় তিন মাস ধরে ইরান জুড়ে বিক্ষোভ চলছে। নিহত হয়েছে দুই শতাধিক বিক্ষোভকারী।
বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত নীতি পুলিশ ব্যবস্থা বিলুপ্ত করেছে ইরান সরকার। এছাড়া, দেশটি তাদের কঠোর হিজাব আইন নতুন করে পর্যালোচনা করার সিদ্ধান্তও জানিয়েছে।
একইসঙ্গে ইরান সরকার বিক্ষোভে অংশ নেওয়া দুই জনকে এরই মধ্যে প্রকাশ্যে ফাঁসি দিয়েছে। নিরাপত্তাকর্মীদের হত্যার অভিযোগ এনে তাদের দোষীসাব্যস্ত করে এই সাজা দেওয়া হয়।
