যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক অনাস্থা ভোটে স্পিকারের পদ হারালেন ম্যাকার্থি
রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ গত সোমবার রাতে কেভিন ম্যাকার্থিকে সরিয়ে স্পিকারের পথ শূন্য ঘোষণার প্রস্তাব আনেন।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি ঐতিহাসিক এক ভোটাভুটিতে পদচ্যুত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম অনাস্থা ভোটে কোনো স্পিকারকে সরানো হল।
বিবিসি জানিয়েছে, ম্যাকার্থির বিপক্ষে ভোট দিয়েছেন প্রতিনিধি পরিষদের ২১৬ জন। তাদের মধ্যে ২০৮ জন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সদস্য এবং বাকি ৮ জন ম্যাকার্থির নিজ দল রিপাবলিকান পার্টির সদস্য। অপরদিকে, ম্যাকার্থির পক্ষে ভোট দিয়েছেন ২১০ জন। তাদের সবাই রিপাবলিকান।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মিত্র ফ্লোরিডা রাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ গত সোমবার রাতে কেভিন ম্যাকার্থিকে সরিয়ে স্পিকারের পথ শূন্য ঘোষণার প্রস্তাব আনেন। ইউক্রেইনকে তহবিল সরবরাহ করে যেতে হোয়াইট হাউজের সঙ্গে ম্যাকার্থির গোপন চুক্তি করার অভিযোগ তুলেছিলেন গেটজ।
সরকারের অচলাবস্থা এড়াতে গত শনিবার ডেমোক্রেটদের সঙ্গে মিলে 'স্টপগ্যাপ ফান্ডিং বিল' পাসের ক্ষেত্রে ভূমিকা রাখায় স্পিকার ম্যাকার্থির বিরুদ্ধে বিদ্রোহ করে উগ্র-ডানপন্থি রিপাবলিকানরা। এরপর ম্যাকার্থিকে সরাতে রিপাবলিকান দলে তার সমালোচকদের সঙ্গে যোগ দেয় ডেমোক্র্যাটরা। আর তাতেই স্পিকার হিসেবে ম্যাকার্থির ২৬৯ দিনের দায়িত্বের অবসান ঘটে।
ম্যাকার্থির জায়গায় অন্তর্বর্তীকালীন স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রিপাবলিকান দলের আরেক আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে। তবে অস্থায়ী স্পিকার শুধুমাত্র প্রশাসনিক কাজগুলো করবেন, নাকি পুরো ক্ষমতা ব্যবহার করতে পারবেন, তা স্পষ্ট নয়। নতুন স্পিকার নির্বাচনে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে আগামী সপ্তাহে।
চলতি বছরের জানুয়ারিতে ১৫ রাউন্ড ভোটাভুটির পর স্পিকার হয়েছিলেন কেভিন ম্যাকার্থি। কিন্তু নিজের দলের অন্তর্দ্বন্দ্বে তাকে বিদায় নিতে হল।
পদ হারানোর পর ম্যাকার্থি বলেছেন, তিনি আর নতুন করে স্পিকার পদের প্রার্থী হবেন না। ম্যাট গেটজের সমালোচনা করে তিনি বলেছেন, ‘মানুষের নজরে আসতে এবং ব্যক্তিগত আক্রোশ’ থেকে ওই কংগ্রেস সদস্য এ কাজ করেছেন। এরসঙ্গে 'স্টপগ্যাপ ফান্ডিং বিল' এর কোনো সম্পর্ক নেই।
[সংবাদটি প্রথমে ফেইসবুকে প্রকাশিত হয়েছে ৪ অক্টোবর ২০২৩ তারিখে
