২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

লো রিয়েল দে গেরেরোর পরিচালক নেলসন মাতুস একটি দোকানের পার্কিং লটে গাড়িতে থাকা অবস্থাতেই গুলিবিদ্ধ হন।

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

প্রতিনিধিত্বশীল ছবি। রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 02:12 PM

Updated : 16 Jul 2023, 02:12 PM

মেক্সিকোর দক্ষিণপশ্চিমের রাজ্য গেরেরোর সমুদ্র তীরবর্তী শহর আকাপুলকোতে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার গণমাধ্যম।

শনিবার স্থানীয় সংবাদমাধ্যম লো রিয়েল দে গেরেরোর পরিচালক নেলসন মাতুস একটি দোকানের পার্কিং লটে গাড়িতে থাকা অবস্থাতেই গুলিবিদ্ধ হন বলে মেক্সিকান খবরের কাগজ এল ইউনিভার্সেলের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আকাপুলকোর উত্তরে এমিলিয়ানো জাপাতা এলাকায় বিকাল তিনটার পর তার ওপর এই হামলা হয়, বলেছে আরেক মেক্সিকান খবরের কাগজ রিফর্মা।

এর আগে ২০১৭ আর ২০১৯ সালে দুই দফা মাতুসকে হত্যার চেষ্টা হয়েছিল, দুইবারই বেঁচে ফিরেছিলেন এই সাংবাদিক, শনিবার আর পারলেন না, বলেছে রিফর্মা।

মাতুসের মৃত্যুর সপ্তাহখানেক আগে নায়ারিট রাজ্য থেকে নিখোঁজ আরেক সাংবাদিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। লুইস মার্টিন সানচেজ নামের ওই সাংবাদিক কাজ করতেন মেক্সিকোর সংবাদমাধ্যম লা জর্নাদা।

মাতুস হত্যাকাণ্ড বিষয়ে রয়টার্স গেরেরার অ্যাটর্নি জেনারেলের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তার দিকে থেকে সাড়া পাওয়া যায়নি।

দেশটিতে দুর্নীতি, অপরাধ ও মাদক চোরাচালান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে অনেক সাংবাদিককেই চড়া মূল্য দিতে হয়েছে। গত বছরই মেক্সিকো ছিল সাংবাদিকদের জন্য বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দেশ, বলছে রিপোর্টার্স উইদাউট বর্ডারের হিসাব।