২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সপ্তাহেও নাভালনির মরদেহ পাবে না পরিবার

নাভালনির মাকে জানানো হয়েছে যে, রাসায়নিক পরীক্ষার জন্য লাশ দুই সপ্তাহ রাখা হবে।

দুই সপ্তাহেও নাভালনির মরদেহ পাবে না পরিবার

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2024, 05:58 PM

Updated : 20 Feb 2024, 05:58 PM

রাশিয়ার কারাগারে মারা যাওয়া বিরোধীদলীয় নেতা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মরদেহ দুই সপ্তাহ হস্তান্তর করা হবে না বলে জানানো হয়েছে তার পরিবারকে।

নাভালনির একজন প্রতিনিধি জানান, তার (নাভালনি) মাকে জানানো হয়েছে যে, রাসায়নিক পরীক্ষার জন্য লাশ দুই সপ্তাহ রাখা হবে।

বিবিসি জানায়, নাভালনির লাশ কোথায় রাখা হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত করে জানায়নি রুশ কর্তৃপক্ষ। লাশ কোথায় তা খুঁজে বের করার চেষ্টা বার বার ব্যাহত করা হচ্ছে।

মৃতদেহ লুকানোর অভিযোগ করেছেন নাভালনির স্ত্রী। সোমবার এক ভিডিও বার্তায় নাভালনির স্ত্রী ইউলিয়া লাভালনায়া তার স্বামীর ‘মুক্ত রাশিয়া’র লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। স্বামীর মৃত্যুর জন্য সরাসরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন তিনি।

ইউলিয়া আরও অভিযোগ করেছেন যে, নাভালনির দেহ থেকে ‘নোভিচক নার্ভ এজেন্ট’ এর চিহ্ন গায়েব করার জন্য তার মরদেহ লুকিয়ে রাখা হয়েছে।

তবে মঙ্গলবার পুতিনের মুখপাত্র বলেছেন, নাভালনিকে বিষ প্রয়োগের অভিযোগের কোনও ভিত্তি নেই।

নাভালনি ২০২০ সালে নার্ভ এজেন্ট দিয়ে তাকে মারার চেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন।

বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে বন্দি থাকা অবস্থায় গত শুক্রবার নাভালনির মৃত্যুর খবর প্রকাশ করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হেঁটে আসার পর হঠাৎ-ই অচেতন হয়ে পড়েন তিনি, এরপর আর জ্ঞান ফেরেনি তার।

নাভালনির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নাভালনির মা এবং আইনজীবী প্রত্যন্ত ওই কলোনিতে ছুটে গিয়েছিলেন। কিন্তু কারাগারের মর্গ ও স্থানীয় কর্তৃপক্ষ লাশ খুঁজে বের করার চেষ্টা বারবার ব্যাহত করেছে।

সোমবার ক্রেমলিন জানায়, নাভালনির মৃত্যু নিয়ে তদন্ত চলছে এবং এখন পর্যন্ত কোনও ফল পাওয়া যায়নি।

পরে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, তদন্তকারীরা নাভালনির মা লিউডমিলাকে বলেছেন, রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষার কারণে তারা আগামী দুই সপ্তাহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে পারবেন না।

ভিডিও বার্তায় ইউলিয়া নাভালনায়া বলেছেন, তার বিশ্বাস নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল।

গত এক দশক ধরে রুশ বিরোধী দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা নাভালনি ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। তবে তিনি যেসব অপরাধে দণ্ডিত হয়েছিলেন, সেগুলোকে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন।

পশ্চিমা নেতারা নাভালনির মৃত্যুর জন্য সরাসরি প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেছেন।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “বাস্তবতা হল: পুতিনই দায়ী। হয় তিনি আদেশ দিয়েছেন অথবা, এ মানুষটিকে (নাভালনি) যে পরিস্থিতি তিনি ফেলেছেন, তার জন্য তিনিই দায়ী।”

সোমবার এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলও বলেছেন, “পুতিন সরকার নাভালনিকে রাশিয়ার কারাগারে ধীরে ধীরে হত্যা করেছে।”

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র উভয়ই জানিয়েছে, নাভালনির মৃত্যুর পর তারা রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের চিন্তা-ভাবনা করছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরনও বলেছেন, তিনি আশা করছেন যুক্তরাজ্য এবং জি-৭ জোটের বাকি ধনী দেশগুলো এই হত্যাকাণ্ডে জড়িত রাশিয়ানদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাভালনির মৃত্যু নিয়ে পশ্চিমা রাজনীতিবিদদের মন্তব্য ‘ঔদ্ধত্যপূর্ণ’ ও ‘অগ্রহণযোগ্য’।

রুশ কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, নাভালনি ‘সাডেন ডেথ সিনড্রোমে’ মারা গেছেন।