২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন কোটি মানুষ, পূর্বে তুমুল লড়াই

প্রায় ১ কোটি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহান্সকে চলছে তুমুল লড়াই।

ইউক্রেইনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন কোটি মানুষ, পূর্বে তুমুল লড়াই

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 18 Nov 2022, 06:52 PM

Updated : 18 Nov 2022, 07:44 PM

রাশিয়া বাহিনীর নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইউক্রেইন। প্রায় ১ কোটি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ওদিকে, ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহান্সকে চলছে তুমুল লড়াই। দক্ষিণের খেরসন থেকে সেনা সরিয়ে রাশিয়া এই দুই অঞ্চলে শক্তি বাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টার লড়াইয়ে ইউক্রেইন বাহিনী দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ৫ টি আকাশে সিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ৫ টি ইরানি শাহেদ-১৩৬ ড্রোন ধ্বংসের দাবি করেছে। তবে রয়টার্স এ দাবি যাচাই করে দেখতে পারেনি।

ইউক্রেইনের জ্বালানি ব্যবস্থা বৃহস্পতিবার নতুন করে কয়েক দফা রুশ হামলার শিকার হয়েছে। রাজধানী কিইভ থেকে শুরু করে মধ্য ইউক্রেইনের নিপ্রো এবং দক্ষিণের ওডেসায় হামলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনী।

ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি এদিন রাতে এক ভিডিও বার্তায় বলেছেন, কোথাও কোথাও কর্তৃপক্ষকে জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ বন্ধ রাখার নির্দেশ দিতে হয়েছে।তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য সম্ভাব্য সবকিছু করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কিইভের মানুষ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে জেগে উঠেছে। বদ্যুৎবিহীন অবস্থায় থাকার কারণে শীতের শুরুর এই সময়ে তাদের ঘরে হিটিং সিস্টেম চালু নেই।

বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে মূলত রাজধানী কিইভসহ পশ্চিমাঞ্চলীয় নগরী ভিনিৎসিয়া, দক্ষিণ-পশ্চিমের বন্দরনগরী ওডেসা এবং উত্তর-পূর্বের সুমি নগরী।

রুশ বাহিনীর নতুন হামলায় আরেকদফায় ইউক্রেইনজুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। জাপোরিজিয়া নগরীর কাছে ভিলনিয়াস্কের অ্যাপার্টমেন্ট ব্লকে ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।

ওই একই এলাকায় নিকোপোল নগরীর আশেপাশে ৭০ টি গোলা পড়েছে। এতে সেখানকার হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎ ও পানিবিহীন হয়ে পড়েছে।