২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ গণ্য করার ডাক, যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি কিমের

দক্ষিণ কোরিয়ার সঙ্গে একত্রীকরণ আর হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা।

দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ গণ্য করার ডাক, যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

রয়টার্স

Published : 16 Jan 2024, 06:09 PM

Updated : 16 Jan 2024, 06:34 PM

দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ হিসেবে গণ্য করতে সংবিধান পরিবর্তনের আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, যুদ্ধ বাধলে সেটি এড়াতে ইচ্ছুক নয় তার দেশ।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে একত্রীকরণ আর হওয়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেছেন।

উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ভাষণে কিম এসব কথা বলেন। দক্ষিণ কোরিয়া শোষণের মাধ্যমে একত্রীকরণ এবং শাসনব্যবস্থার পতন ঘটাতে চাইছে বলে তিনি অভিযোগ করেন।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ কিম জং উনের এই ভাষণ প্রকাশ করেছে।

এ সময় তিনি সংবিধান সংশোধন করার আহ্বান জানান।

কিম বলেন, দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ হিসেবে উত্তর কোরিয়দের কাছে পরিচিত করে তুলতে এবং দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার ভূখন্ডকে আলাদা করে নির্ধারণ করার জন্য সংবিধান সংশোধন করা উচিত।

তিনি আরও বলেন, “আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধ বেধে বসলে তা এড়ানোর কোনও ইচ্ছাও আমাদের নেই।”

ভাষণে কিম সব আন্তঃকোরীয় যোগাযোগ ছিন্ন করা এবং পিয়ংইয়ংয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরেকত্রীকরণের একটি স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার ডাক দেন।

কেসিএনএ জানায়, দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ এবং আন্তঃকোরীয় পর্যটনের কাজে নিয়োজিত থাকা তিনটি সংগঠনের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল মন্ত্রিসভার এক বৈঠকে বলেছেন, দক্ষিণ কোরিয়াকে বৈরি দেশ আখ্যা দিয়ে পিয়ংইয়ং তাদের ‘জাতি-বিরোধী’ চরিত্রের প্রকাশ ঘটিয়েছে।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং দীর্ঘদিনের নীতি থেকে বেরিয়ে আসার কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্কের অবনতি হওয়ার মধ্যে কিম জং উন উত্তর কোরিয়ার সংবিধান পরিবর্তনের ওই ডাক দিলেন।