ইসরায়েলের সঙ্গে ‘বাণিজ্য সম্পর্ক আরও গভীর হয়েছে আমিরাতের’
সংযুক্ত আরব আমিরাতই প্রায় তিন দশকের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করে।
ইসরায়েলের ইতিহাসে ক্ষমতায় থাকা সবচেয়ে ডানপন্থি সরকারের নানান কার্যকলাপ বিস্তৃত ক্ষোভ উসকে দিলেও তাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক রাজনৈতিক টানাপোড়েনেও টিকে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পশ্চিম তীরে বসতি স্থাপন নীতিসহ ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের একের পর এক পদক্ষেপ ও মন্তব্য আরব বিশ্বের বেশিরভাগ মানুষকেই ক্রুদ্ধ করেছে, সমালোচনা জুটেছে আমিরাতের কাছ থেকেও।
কিন্তু তা সত্ত্বেও আবুধাবি আর তেল আবিবের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা আরও গভীর হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিস্তিন ইস্যুতে কয়েক দশকের আরব নীতি ভেঙ্গে ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রেও এই অর্থনীতি ও বাণিজ্যই অন্যতম মূল চালিকাশক্তির কাজ করেছে।
শনিবার থেকে দুই দেশের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকরও হয়েছে, এতে ৯৬ শতাংশ পণ্যের শুল্ক হয় কমানো হয়েছে নয়তো তুলে নেওয়া হয়েছে, বলেছে আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম।
২০২২ সালের মে মাসে স্বাক্ষর হওয়া এই চুক্তিটিই কোনো আরব দেশের সঙ্গে ইসরালের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি। এটি কার্যকর হওয়ার সময়টিকে ঐতিহাসিক ক্ষণ’ বলে অভিহিত করেছেন ইসরায়েলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত।
গত সপ্তাহে আমিরাতের জ্বালানি কোম্পানি অ্যাডনক জানিয়েছে, যৌথভাবে ইসরায়েলি অফশোর প্রাকৃতিক গ্যাস উৎপাদক নিউমেড এনার্জির অর্ধেক শেয়ার ২০০ কোটি ডলারে কেনার একটি প্রস্তাবে তারাও আছে।
এর আগে ২০২১ সালে আবু ধাবির মুবাদালা এনার্জি প্রায় ১০০ কোটি ডলারে ইসরায়েলের তামার গ্যাস ক্ষেত্রের ২২ শতাংশ শেয়ার কিনেছিল।
“(নিউমেডের অর্ধেক কেনার প্রস্তাব) ইসরায়েলের জ্বালানি খাতে আমিরাতের দীর্ঘমেয়াদী এই বিনিয়োগের মাধ্যমে সম্পর্ক কতটা কৌশলগত হয়ে উঠছে তা দেখা যাচ্ছে। এটি আমিরাতের স্বার্থকে ইউরোপীয় জ্বালানি নিরাপত্তার সঙ্গে যুক্ত করছে, যা কার্বন নিঃসরণ শূন্যে নামাতে ইউরোপীয় ইউনিয়নের জোর ধাক্কার বিপরীতে ভারসাম্য রক্ষায়ও কাজে লাগবে,” বলেছেন লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (চ্যাথাম হাউস) এর সহযোগী ফেলো, ইসরায়েল-আমিরাত সম্পর্ক স্বাভাবিক হওয়া প্রসঙ্গে নতুন একটি প্রতিবেদনের অন্যতম লেখক নেইল কুইলিয়াম।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতই প্রায় তিন দশকের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করে। আব্রাহাম অ্যাকর্ড নামে পরিচিত ওই চুক্তিতে বাহরাইনও আছে। ইরানকে নিয়ে সবার একইধরনের উদ্বেগ থেকে, মধ্যপ্রাচ্যজুড়ে জোটের বিস্তৃত পুনর্বিন্যাস প্রক্রিয়ায় তিন দেশের মধ্যে ওই চুক্তিটি হয়েছিল।
কিন্তু নানান রাজনৈতিক ঘটনা প্রতিনিয়তই এই কূটনৈতিক সম্পর্কের পরীক্ষা নিচ্ছে। পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন নীতির নিন্দাও জানিয়েছে আবু ধাবি।
সম্প্রতি ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ ফিলিস্তিন রাষ্ট্র বা ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব অস্বীকার করেছেন, যা সমগ্র আরব অঞ্চলজুড়ে নতুন ক্ষোভের সঞ্চার করেছে। বিচারব্যবস্থার সংস্কার নিয়ে ইসরায়েলের ভেতরে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা চলছে, তার মধ্যেই স্মতরিচ ওই মন্তব্য করেন।
আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় নেতানিয়াহুর পূর্ববর্তী সরকার ক্ষমতায় ছিল।
সম্পর্কের ওপর রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব প্রসঙ্গে রয়টার্স মন্তব্য চাইলেও আমিরাতের পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের জবাব পায়নি তারা।
তবে ইসরায়েলি সরকারের একাধিক কর্মকর্তা সাম্প্রতিক বাণিজ্য চুক্তিটিকে উদাহরণ হিসেবে দেখিয়ে বলেছেন, আমিরাতের সঙ্গে সম্পর্ক দিন দিন ‘আরও শক্তিশালী হচ্ছে’।
মোটাদাগে মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছ থেকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন ইসরায়েল আমিরাতের সঙ্গে সম্পর্ককে পারস্য উপসাগর এবং এর বাইরে নতুন বাণিজ্যিক সুযোগ হিসেবে দেখছে।
সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে আর্থিক, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও পানি নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার করছে।
অর্থনৈতিক বন্ধনের যে ক্ষুধা, রাজনৈতিক টানাপোড়েনে তার ঠিক মৃত্যু হবে না; বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নিতে উভয় পক্ষের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক নানান পদক্ষেপ এই সংকেতই দিচ্ছে।
২০২২ সালেই দুই দেশের মধ্যে তেল ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আড়াইশ কোটি ডলার ছাড়িয়েছিল; ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা এক হাজার কোটি ডলারে উন্নীত হবে বলে আশা সংযুক্ত আরব আমিরাতের।
“ইসরায়েলের রাজনীতি সত্যিই খুব জটিল, নানা ধরনের উত্থানপতন আছে। কিন্তু আব্রাহামস চুক্তি একটি কৌশলগত সিদ্ধান্ত, ইসরায়েল যে পথেই যাক না কেন, এই ধরনের কৌশলগত সিদ্ধান্ত আরও আসবে,” বলেছেন যুক্তরাজ্যের এক রাজনৈতিক ভাষ্যকার আবদুলখালেক আবদুল্লা।
গত বছরের ডিসেম্বরে তেল আবিবে কার্যালয় খোলা দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার জানিয়েছে, এরই মধ্যে প্রায় হাজারখানেক ইসরায়েলি ব্যবসা প্রতিষ্ঠান আমিরাতে কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার ইসরায়েল জানায়, আসছে দিনগুলোতে দুই দেশের মধ্যে সপ্তাহে অতিরিক্ত আরও ৭টি বিমান চলাচল করবে। এখনই আমিরাত ও ইসরায়েলের মধ্যে কয়েক ডজন ফ্লাইট চালু আছে।
অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে গত বছর বানানো কৌশলগত গ্রুপ আইটুইউটু-র বৈঠকও ফেব্রুযারিতে অনুষ্ঠিত হয়েছে। এই আই২ইউ২-তে ভারত আর ইসরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র আছে।
“সম্পর্কের মধ্যে চাপ, টানাপোড়েন দেখা যেতেই পারে, এমনকী সম্পর্ক টিকবে কিনা, সেই প্রশ্নও উঠতে পারে। তবে যত খারাপই হোক না কেন, অংশীদারিত্বের অর্থনৈতিক যোগাযোগের মাত্রা এই কঠিন চড়াই-উৎরাইয়ের পরও বহাল থাকবে,” বলেছেন চ্যাথাম হাউসের কুইলিয়াম।
