২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় ঢুকে পড়া এই মার্কিন সেনা কে?

এই সেনার নাম ট্র্যাভিস কিং; তিনি একজন প্রাইভেট সেকেন্ড ক্লাস পদমর্যাদার মার্কিন সেনা সদস্য বলে জানিয়েছে পেন্টাগন।

উত্তর কোরিয়ায় ঢুকে পড়া এই মার্কিন সেনা কে?

ছবি: ইউটিউব ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 09:01 PM

Updated : 20 Jul 2023, 02:32 PM

দুই কোরিয়ার কড়া নিরাপত্তাধীন সীমান্ত এলাকা দিয়ে কোন অনুমতি ছাড়াই উত্তর কোরিয়ায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের সেনা সেখানে আটক হয়েছেন বলে জানিয়েছিল ওই এলাকা তদারককারী জাতিসংঘ কমান্ড।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন এই সেনার পরিচয় জানিয়ে বলেছে, তার নাম ট্র্যাভিস কিং। ২৩ বছর বয়সী এই ব্যক্তি একজন প্রাইভেট সেকেন্ড ক্লাস পদমর্যাদার মার্কিন সেনা সদস্য।

বিবিসি জানায়, সীমান্ত পেরোনোর আগে দক্ষিণ কোরিয়ার ফ্লাইটে ওঠায় তাকে আটক করা হয়েছিল।

আদালতের নথিতে দেখা গেছে, তিনি একটি পুলিশের গাড়ির ক্ষতি করেছেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি আটককেন্দ্রেও ছিলেন ট্র্যাভিস কিং।

তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। এজন্য এক সপ্তাহ আগে তাকে দক্ষিণ কোরিয়ার আটককেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। আর তখনই তিনি পালিয়ে যান।

যুক্তরাষ্ট্রে ফেরার বিমানে তিনি আর ওঠেননি; বরং দুই কোরিয়ার যৌথ নিরাপত্তা এলাকার এক সীমান্ত সফরে সামিল হন। এ সফরের সময়ই সীমান্ত অতিক্রম করে তিনি উত্তর কোরিয়ায় চলে যান।

সীমান্ত পেরোনোর পেছনে তার উদ্দেশ্য কী ছিল তা স্পষ্ট নয়। মার্কিন কর্তৃপক্ষ বলেছে, তিনি ইচ্ছাকৃতভাবেই এটি করেছেন। উত্তর কোরিয়ায় তিনি কোন দুর্দশায় পড়বেন তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কারণ, উত্তর কোরিয়ায় সাধারণত আটক মার্কিনিদের সঙ্গে নৃশংস আচরণ করা হয়।

Image

ছবি: রয়টার্স।

ট্র্যাভিস কিং এর মা ক্লডিন গেটস বিবিসি-র মার্কিন পার্টনার সিবিএস নিউজকে জানান, কয়েকদিন আগে ছেলের সাথে শেষ কথা হয়েছিল তার। সে সময় কিং টেক্সাসের সেনাঘাঁটিতে ফেরার কথা বলেছিলেন। কিন্তু ছেলে যে উত্তর কোরিয়া চলে যেতে পারে এমনটি তিনি কল্পনাও করতে পারছেন না।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যম বলছে, সিউলের একটি নাইট ক্লাবে কিং একজন কোরীয়কে ঘুষি মেরেছিলেন বলে সন্দেহ করা হয়। এ ঘটনার জন্য ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কিংয়ের বিরুদ্ধে তদন্ত চলেছে বলে খবর পাওয়া গেছে।

তাছাড়া, পুলিশের গাড়ির পেছনের দরজায় কিং লাথিও মেরেছিলেন এবং তাকে ধরতে আসা কর্মকর্তাদেরকে গালিগালাজ করেছিলেন। এজন্য কিং কে ৫০ লাখ ওন (৩ হাজার ৯৫০ ডলার) জরিমানাও করা হয়েছিল।

পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, হামলার অভিযোগে দুই মাস জেল খাটার পর ১০ জুলাইয়ে কিং কে ছেড়ে দেওয়া হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

মুক্তি পাওয়ার পর কিং প্রায় একসপ্তাহ দক্ষিণ কোরিয়ার সামরিক নজরদারিতে ছিলেন। পরে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার ইনচেন বিমানবন্দরে নেওয়া হয়েছিল। সেখানেই কাস্টমস থেকে হঠাৎ গায়েব হয়ে যান তিনি।

যুক্তরাষ্ট্রে গেলে কিং শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তেন। সে ভয়েই কিং আর বিমানে ওঠেননি। বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য কোরিয়া টাইমস জানায়, কিং বোর্ডিং গেইটে গিয়েছিলেন একাই। কারণ, বিমানে তার সঙ্গে সামরিক পুলিশ কর্মকর্তাদের থাকার এখতিয়ার ছিল না।

গেটে গিয়ে কিং এক মার্কিন এয়ারলাইন্স কর্মকর্তারা সঙ্গে কথা বলে জানান যে, তার পাসপোর্ট হারিয়ে গেছে। তখন সেই কর্মকর্তা কিংকে বিমানবন্দর থেকে বেরোনের জায়গায় নিয়ে যান। এরপরই কিং টার্মিনাল থেকে বেরিয়ে দুই কোরিয়ার মধ্যকার অসামরিক এলাকাগামী (ডিএমজেড) একটি ট্রিপে সামিল হন। বিদেশিরা ট্যুর কোম্পানির মাধ্যমে ওই এলাকা সফরে যেতে পারে।

কিন্তু কিং কীভাবে ওই ট্যুরে যেতে পেরেছিলেন তা স্পষ্ট নয়। কারণ এ ধরনের কোনও ট্যুরে যাওয়ার অনুমতি পেতে সাধারণত তিন থেকে এক সপ্তাহ লাগে এবং কড়া নজরদারিও থাকে।

এক প্রত্যক্ষদর্শী সিবিএস নিউজকে কিংয়ের সীমান্ত অতিক্রমের ঘটনাটি জানিয়ে বলেছেন, “ওই ব্যক্তি ৪৩ জনের সফরদলের মধ্যে ছিলেন। সীমান্তে পৌঁছাতেই তিনি উত্তর কোরিয়ার সীমান্তের দিকে দৌড়ে যান এবং "জোরে 'হা হা হা' করে হাসতে থাকেন।”

অসামরিক এলাকা (ডিএমজেড) দেখাশুনা করা জাতিসংঘ কমান্ড বলেছে, তাদের ধারণা মার্কিন সেনা কিং এখন উত্তর কোরিয়ার কাস্টডিতে আছেন। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কমান্ডার বলেছেন, কিং এর সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। তার পালিয়ে যাওয়ার ঘটনাটি তদন্ত করে দেখছে কোরিয়ায় থাকা মার্কিন বাহিনী।