১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মগজখেকো অ্যামিবায় ফ্লোরিডায় একজনের মৃত্যু

এই অ্যামিবা সাধারণত নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে আক্রমণ করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2023, 04:27 PM

Updated : 03 Mar 2023, 04:27 PM

বিরল মগজখেকো অ্যামিবার মাধ্যমে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

দক্ষিণপশ্চিম ফ্লোরিডার শার্লট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যিনি মারা গেছেন, তিনি সম্ভবত কলের পানি দিয়ে নাক ধুয়েছিলেন; আর সে পথেই নেগলেরিয়া ফাওলেরি মস্তিষ্কে চলে গিয়েছিল।

এই মস্তিষ্কখেকো অ্যামিবা সাধারণত নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে আক্রমণ করে; তবে এই অ্যামিবা যেই পানিতে থাকে, তা পান করলে কোনো সমস্যা হয় না, বলছেন কর্মকর্তারা।

মস্তিষ্কে সংক্রমণের পর বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি মারা যান বলে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

ফ্লোরিডায় নিহত ব্যক্তির নাম-পরিচয় জানানি কর্মকর্তারা।

গত ২৩ ফেব্রুয়ারি রাজ্যটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল, ‘সম্ভবত কলের পানিতে নাক ধোয়ার কারণে’ এক ব্যক্তি আক্রান্ত হয়েছে।

ওই রোগী মারা গেছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন রাজ্য স্বাস্থ্য বিভাগের মুখপাত্র।

কীভাবে ওই ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন, একাধিক সরকারি সংস্থা তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মুখপাত্র জে উইলিয়ামস।

এই মস্তিষ্কখেকো অ্যামিবা সাধারণত সুইমিং পুল, হ্রদ বা পুকুরের খানিকটা উষ্ণ পানিতে থাকে। নাক দিয়ে মস্তিষ্কে গেলে এই অ্যামিবা প্রাণঘাতী হয়ে ওঠে, কিন্তু পাকস্থলীর এসিড এককোষী অনুজীবকে মেরে ফেলায় সেখানে এটি বিপজ্জনক হতে পারে না।

আক্রান্ত ব্যক্তি যে রোগে আক্রান্ত হন, তাকে সাধারণত অ্যামেবিক মেনিনজেনসেফালিটিস বলা হয়। এর উপসর্গের মধ্যে আছে মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাব, বমি, ঘাড় শক্ত হয়ে যাওয়া, ভারসাম্য হারানো, খিঁচুনি ও হ্যালুসিনেশন।

সিডিসির হিসাবে, প্রতিবছর তিনজনের মতো মার্কিনি এই রোগে আক্রান্ত হয়, যাদের বেশিরভাগকেই বাঁচানো যায় না।

১৯৬২ থেকে ২০২১ সাল পর্যন্ত আক্রান্ত ১৫৪ জনের মধ্যে কেবল ৪ জন বাঁজতে পেরেছে। তবে শীতকালে সাধারণত এই অ্যামিবার সংক্রমণ দেখা যায় না, বলছে সিডিসির তথ্য।

কর্মকর্তারা বলছেন, সংক্রমণ এড়াতে লোকজনের উচিত কলের অপরিশোধিত পানি দিয়ে নাক না ধোয়া।

জীবাণুমুক্ত বা ফোটানো পানিতে কোনো সমস্যা নেই; এক মিনিট সেদ্ধ করে ঠাণ্ডা করা কলের পানিও ব্যবহার করা যাবে, বলেছেন কর্মকর্তারা।

সংক্রমণ এড়াতে তারা সুইমিং পুলে বা গোসলের সময় নাক দিয়ে পানি নেওয়া থেকে বিরত থাকতেও লোকজনকে পরামর্শ দিচ্ছেন।