২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালের জানালা দিয়ে পড়ে রুশ তেল কোম্পানি প্রধানের মৃত্যু

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম লুকোয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল ম্যাগানভ মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের জানালা দিয়ে পড়ে রুশ তেল কোম্পানি প্রধানের মৃত্যু

ছবি: ক্রেমলিন/রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 05:35 PM

Updated : 01 Sep 2022, 07:33 PM

মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে মারা গেছেন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম লুকোয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল ম্যাগানভ।

একাধিক সূত্র রুশ গণমাধ্যমকে জানিয়েছে, ৬৭ বছর বয়সী রাভিল ম্যাগানভ মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার সেখানকার জানালা থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন চলার মধ্যে ম্যাগানভই সর্বশেষ উচ্চপদস্থ ব্যবসায়ী কর্মকর্তা, যার রহস্যজনক মৃত্যু হল।

ম্যাগানভ লুকোয়েল তেল কোম্পানির ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তার মৃত্যুতে লুকোয়েল থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য করা হয়নি।

বিবিসি জানায়, রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর পরপরই লুকোয়েল কোম্পানি যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছিল।

গত মার্চে লুকোয়েল বোর্ড ইউক্রেইন যুদ্ধে হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে রাশিয়াকে অভিযান শেষ করার আহ্বান জানায়।

রাভিল ম্যাগানভ দু’বছর আগে লুকোয়েল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেন। তিনি ১৯৯৩ সাল থেকে বেসরকারি এই তেল কোম্পানিতে কাজ করে এসেছেন।

তার মৃত্যুর ঘটনার আগে গত মে মাসে লুকোয়েলের সাবেক এক ঊর্ধ্বতন ম্যানেজার অ্যালেক্সান্ডার সুবোতিনেরও এমন রহস্যজনক মৃত্যু হয়েছিল।