২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে উদ্বেগে রেখে রাশিয়ার সামরিক মহড়ায় যোগ দিল ভারত

এই মহড়ায় চীন, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তানসহ আরও বেশ কয়েকটি দেশ অংশ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রকে উদ্বেগে রেখে রাশিয়ার সামরিক মহড়ায় যোগ দিল ভারত

২০১৬ সালে আহমেদাবাদে এক মহড়ায় ভারতীয় সেনারা। ফাইল ছবি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 02:27 PM

Updated : 02 Sep 2022, 02:27 PM

ভারতীয় সেনারা এক সপ্তাহের সামরিক মহড়ায় অংশ নিতে রাশিয়ায় পৌঁছেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেইনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলাকালে যে কোনো দেশ মস্কোর সঙ্গে মহড়ায় জড়ালে তা যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করবে, ওয়াশিংটনের এই বার্তার কয়েকদিন পর বৃহস্পতিবার তাদের এ বিবৃতি এল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের সরকার বলছে, তাদের সেনারা অন্য অনেক দেশের সঙ্গে রাশিয়ায় নিয়মিত হওয়া বহুপাক্ষিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছে।

মস্কো ভারতে সবচেয়ে বেশি যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামও সরবরাহ করে।

পুরনো খবর:

রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে চীন

বৃহস্পতিবারের বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সেনার একটি বহর মহড়াস্থলে পৌঁছেছে এবং আগামী ৭ দিন ধরে তারা মাঠ পর্যায়ে যৌথ প্রশিক্ষণের অনুশীলন, যুদ্ধ আলোচনা ও গোলা ছোড়ার অনুশীলনসহ নানান পর্বে অংশ নেবে।

জুলাইয়ের শেষদিকে রাশিয়া জানিয়েছিল, ইউক্রেইনে তাদের সামরিক অভিযান চললেও অগাস্টে রাশিয়ার পূর্বাঞ্চলে পূর্বঘোষিত ‘ভস্তক’ মহড়া যথাসময়েই অনুষ্ঠিত হবে।

ইউক্রেইনে সামরিক অভিযানে রাশিয়া বিপুল পরিমাণ সেনা ও সামরিক সরঞ্জাম হারিয়েছে বলে পশ্চিমারা দাবি করে এলেও রাশিয়া তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি খোলাসা করেনি। মস্কোর প্রতিদিনকার ব্রিফিংয়ে কেবল ইউক্রেইনের ক্ষয়ক্ষতির বিবরণই জানানো হয়।

এবারের ‘ভস্তক’ মহড়ায় রাশিয়া, ভারত ছাড়া আর যেসব দেশ অংশ নিচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চীন, বেলারুশ, মঙ্গোলিয়া ও তাজিকিস্তান।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে দিল্লির সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার মহড়ায় ভারতের অংশগ্রহণে তারা উদ্বিগ্ন।

“বিনা প্ররোচনায় ইউক্রেইনের ওপর নৃশংস যুদ্ধ চাপিয়ে দেওয়া রাশিয়ার সঙ্গে যে কোনো দেশের সামরিক মহড়াই যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের। তবে, অবশ্যই, সব দেশেরই মহড়ায় অংশ নেওয়া না নেওয়া বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে,” মঙ্গলবার এমনটাই বলেছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়েরে।

২০১৮ সালে হওয়া সর্বশেষ ‘ভস্তক’ মহড়ায় রাশিয়ার প্রায় তিন লাখ সেনা অংশ নিয়েছিল; সেবার চীনের সেনাবাহিনীও প্রথমবার তাদের সঙ্গে যোগ দিয়েছিল।