২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুজামণ্ডপে গান্ধীর আদলে ‘অসুর’, শোরগোলের পর পরচুলা-গোঁফে রূপ বদল

যে মহাত্মা গান্ধীকে ভারতের জনক বলা হয়, তাকেই ‘অসুর’ রূপে হাজির করা হয়েছে কলকাতার অখিল ভারতীয় হিন্দু মহাসভা আয়োজিত পুজা মণ্ডপে।

পুজামণ্ডপে গান্ধীর আদলে ‘অসুর’, শোরগোলের পর পরচুলা-গোঁফে রূপ বদল

ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2022, 08:54 PM

Updated : 04 Oct 2022, 08:54 PM

দানবীয় মহিষাসুর বানানো হয়েছে মহাত্মা গান্ধীর আদলে। রোগাটে গড়ন, পরণে ধুতি, টাকমাথা, চোখে চশমা, হাতে ছড়ি। ত্রিশূল বিঁধিয়ে তাকে নাশ করছেন দেবী দুর্গা। যে মহাত্মা গান্ধীকে ভারতের জনক বলা হয়, তাকেই এমন ‘অসুর’ রূপে হাজির করা হয়েছে কলকাতার পুজামণ্ডপে।

আর এ ঘটনাতেই শোরগোল পড়ে যায় দক্ষিণ কলকাতার রুবি পার্কের অখিল ভারতীয় হিন্দু মহাসভার আয়োজিত ওই দুর্গাপুজা উৎসব ঘিরে।

সোশ্যাল মিডিয়ায় অসুররূপী মাহাত্মা গান্ধীর ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায়৷ কংগ্রেস, তৃণমূল পার্টির পাশাপাশি পুজার আয়োজকদের এমন উদ্যোগের সমালোচনা করেন রাজ্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতিও৷

এরপরই বিতর্ক সামাল দিতে বদল আনা হয় অসুর মূর্তির চেহারায়। মূর্তিটির চোখ থেকে খুলে ফেলা হয় মহাত্মা গান্ধীর বিশেষ চশমা, মাথায় পরানো হয় পরচুলা আর লাগানো হয় গোঁফ।

কলকাতা পুলিশ রোববার রাতে ওই পুজামণ্ডপে গিয়ে আয়োজকদেরকে এভাবেই রূপ বদলে দিতে বলে। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি উদ্যোক্তারা। প্রতিবাদে পুজোমণ্ডপের সামনেই বিক্ষোভে বসেছেন তারা।

পুলিশ প্রশাসন মূর্তির রূপ বদলাতে চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। পুজোর মূল উদ্যোক্তা চন্দ্রচূড় গোস্বামী বলেছেন, “আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।”

মহিষাসুরের চিরাচরিত দানবীয় রূপের বদলে অবয়ব এবং শারিরীক গঠনের দিক থেকে নতুন বানানো অসুরের সঙ্গে মহাত্মা গান্ধীর মিল রয়েছে বলে গোস্বামী স্বীকার করেছেন। তিনি এও বলেছেন যে, তারা গান্ধীকে ‘দেশের জনক’ বলে মনে করেন না।

বিবিসি জানায়, মহাত্মা গান্ধী ভারতের জনক হিসাবে শ্রদ্ধার পাত্র হলেও সম্প্রতি কয়েক বছরে কট্টরপন্থি কিছু হিন্দু প্রকাশ্যেই গান্ধীর সমালোচনা করে আসছেন। গান্ধীর অনেক বেশি মুসলিম এবং পাকিস্তান-পন্থি হওয়ার অভিযোগ করছেন তারা।

তাই গান্ধীর আদলে অসুর বানানোর ঘটনায় ভুল কিছু দেখছে না ডানপন্থি অল ইন্ডিয়া হিন্দু মহাসভা। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চন্দ্রচূড় গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রাজ্য কংগ্রেস সদস্য কৌস্তভ বাগচী মামলা করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।