সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক ইয়ন ফোসে
সাহিত্যে নোবেল বিজয়ী ১২০তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক, নাট্যকার ও কবি ইয়ন ফোসে।
বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১২০তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বলেছে, যা ‘বলা যায় না’, উদ্ভাবনী লেখনিতে নাটক আর গদ্যে ইয়ন ফোসে তাকেও ভাষা দিয়েছেন।
পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন ফোসে। গত বছর এ সম্মাননা পেয়েছিলেন ফরাসি লেখক আনি ইয়াখনু।
নোবেল পাওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইয়ন ফোসে বলেছেন, তিনি ‘অভিভূত’ এবং একভাবে ‘ভীতও’। তবে এও বলেছেন, একদিন যে এমন এক দিন তার জীবনে আসতে পারে, সেজন্য তিনি নিজের মনকে প্রস্তুতও করেছিলেন।
কোনো একক লেখার জন্য নয়, নোবেল কমিটি ইয়ন ফোসেকে বেছে নিয়েছে তার সমগ্র সাহিত্যকর্মের জন্য। সুইডিশ অ্যাকাডেমির ভাষায়, ইয়ন ফোসের সাহিত্যকর্মের সংক্ষিপ্ত তালিকা করতে যাওয়াও কঠিন কাজ।
১৯৫৯ সালে জন্ম নেওয়া ইয়ন ফোসে নাটক লিখেছেন ৪০টির মত। বেশ কিছু উপন্যাস, প্রবন্ধ, কবিতা, শিশু সাহিত্য এবং অনুবাদগ্রন্থও এসেছে তার হাত দিয়ে।
নোবেল কমিটি বলেছে, নরওয়েতে বেড়ে ওঠার অভিজ্ঞতাকে ফোসে তার লেখায় তুলে ধরেছেন শৈল্পিক সুষমায়। মানব মনের উৎকণ্ঠা আর দোদুল্যমানতার চিত্রায়ণ তিনি যেভাবে সাহিত্যে করেছেন, তারও প্রশংসা করেছে নোবেল কমিটি।
ইয়ন ফোসের লেখা বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত হয়েছে। নোবেলের আগে বহু পুরস্কার জমা হয়েছে তার ঝুলিতে।
বিশ্বে যাদের নাটক এখন সবচেয়ে বেশি মঞ্চস্থ হয়, ইয়ন ফোসে তাদের একজন। নোবেল কমিটি তাকে তুলনা করেছে স্যামুয়েল বেকেট, ফ্রান্ৎস কাফকা, টমাস বার্নহার্ড, জর্জ ট্র্যাকলের মত ‘গ্রেট’দের সঙ্গে।
নোবেল কমিটির চেয়ারম্যান আন্দ্রেস ওলসনের ভাষায়, ‘অনেক দিক দিয়েই’ চমৎকার একজন লেখক ইয়ন ফোসে। কেউ যখন তার লেখা পড়বে, তা এমনভাবে তাকে ছুঁয়ে যাবে যে, তার আরও বই পড়তে হবে।
“তার লেখায় যেটা বিশেষ, সেটা হল নৈকট্যের অনুভূতি। উৎকণ্ঠা, নিরাপত্তাহীনতা, জীবন-মৃত্যু নিয়ে নানা প্রশ্ন, এরকম যত ধরনের গভীর অনুভূতির মুখোমুখি মানুষকে হতে হয়, তার সবগুলোই ছুঁয়ে যায় তার লেখা।”
বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। কোভিডের বিরুদ্ধে এমআরএনএ ভ্যাকসিন তৈরির গবেষণার জন্য হাঙ্গেরিয়ান-আমেরিকান বায়োকেমিস্ট কাতালিন কারিকো এবং মার্কিন চিকিৎসক ড্রিউ ওয়াইসম্যান এবার চিকিৎসায় নোবেল জিতেছেন।
মঙ্গলবার ঘোষণা হয় পদার্থবিদ্যার নোবেল। পদার্থের ভেতরে ইলেক্ট্রন কীভবে শক্তি বিনিময় করে সেই রহস্য বুঝতে আলোক তরঙ্গের অ্যাটোসেকেন্ড পালস তৈরির পদ্ধতি নিয়ে গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের পিয়েরে আগোস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউস এবং সুইডিশ গবেষক আন লিয়ের চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন।
এরপর বুধবার ঘোষণা করা হয় রসায়নের নোবেল। ন্যানো টেকনোলজির গবেষণায় কোয়ান্টাম ডটস নামের অতি ক্ষুদ্র ন্যানো পার্টিকেল উদ্ভাবন ও উন্নয়নের স্বীকৃতিতে এ বছর রসায়নের নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের মুঙ্গিয়া জি বাবেন্দি, লুইস ব্রুস এবং অ্যালেক্সি একিমভ।
শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে নোবেল পুরস্কার।
