২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ‘অবিলম্বে টেকসই’ যুদ্ধবিরতি চায় ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য

গাজায় লড়াইয়ে প্রচুর মানুষ নিহত হতে থাকায় ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীও।

গাজায় ‘অবিলম্বে টেকসই’ যুদ্ধবিরতি চায় ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 06:01 PM

Updated : 17 Dec 2023, 06:01 PM

গাজায় ইসরায়েল-হামাস চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করা এবং দীর্ঘমেয়াদে টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। এর সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাজ্য।

গাজায় লড়াইয়ে প্রচুর মানুষ নিহত হতে থাকায় ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীও।

জার্মান এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা কেবল আজ লড়াই বন্ধ হওয়াই নয়, বরং দীর্ঘমেয়াদে তা বন্ধ হওয়ার পক্ষে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের ‘সানডে টাইমস’- এ লেখা এক নিবন্ধে সেকথাই জানিয়েছেন।

তারা লিখেছেন, “আমাদের লক্ষ্য কেবল আজ লড়াইয়ের অবসান ঘটানো্ নয়, বরং দিনের পর দিন বছরের পর বছর এবং প্রজন্মের পর প্রজন্মের জন্য লড়াইয়ের অবসান ঘটানো।”

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার পরিস্থিতি নিয়ে প্যারিস গভীরভাবে উদ্বিগ্ন। অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছে।

ইসরায়েলের হামলার ফিলিস্তিনি নিহতের পাশাপাশি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন স্টাফ সদস্যও মারা গেছে। গাজার সঙ্গে মিশরের রাফাহ সীমান্ত এলাকায় ইসরায়েলের বিমান হামলায় আহত হয়ে এই ফরাসি কর্মকর্তার মৃত্যু হয়।

এই কর্মকর্তা ওই এলাকায় ফরাসি কনস্যুলেট জেনারেলে তার এক সহকর্মীর বাড়িতে ছিলেন। বুধবার সেই বাড়িতে ইসরায়েলের বোমা হামলা হলে তিনিসহ আরও অনেকেই গুরুতর আহত হন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় ইসরায়েলের এই বিমান হামলার ব্যাখ্যা দাবি করেছে। আবাসিক ভবনে এমন হামলার নিন্দাও জানিয়েছে মন্ত্রণালয়।

কেবল আবাসিক ভবনই নয় গাজার উত্তরে অবরুদ্ধ আল-শিফা হাসপাতালও রক্তস্নাত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। হাসপাতালটির অবস্থা ফেরানো দরকার বলে জানানো হয়েছে বিবৃতিতে।

ডব্লিউএইচও জানায়, তারা শনিবার হাসপাতালটিতে কিছু ওষুধ সরবরাহ করতে সক্ষম হয়েছে। তবে হাসপাতালটিতে খাবার এবং পানির মারাত্মক সংকট আছে। তার ওপর সেখানে বেড়েই চলেছে রোগীর সংখ্যা।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার যুদ্ধে অবিলম্বে একটি যুদ্ধবিরতি হওয়া জরুরি। তাহলে জিম্মিদের মুক্ত করার জন্য একটি যুদ্ধবিরতির দিকে আগানো সম্ভব হবে। তাছাড়া, গাজায় প্রবেশ করবে আরও মানবিক সাহায্য এবং সর্বোপরি পরিস্থিতি রাজনৈতিক সমাধানের দিকে এগুবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দুপক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দুই মাস পূর্ণ হয়েছে। এখন যুদ্ধ তীব্রতম পর্বে প্রবেশ করেছে। ইসরায়েলি যুদ্ধবিমান ঘনবসতিপূর্ণ গাজার বিভিন্ন লক্ষ্যে অবিরাম বোমা হামলা চালাচ্ছে।