২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে ২০ বছরে প্রথম মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

দেশটিতে ১৫ গ্রামের বেশি হেরোইন এবং ৫০০ গ্রামের বেশি গাঁজা বহন করলেই মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।

সিঙ্গাপুরে ২০ বছরে প্রথম মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 03:20 PM

Updated : 27 Jul 2023, 03:20 PM

সিঙ্গাপুরে ২০ বছরের মধ্যে প্রথম মাদক মামলায় কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে। সাজা পাওয়া ওই নারীর নাম সারিদেউই জামানি, বয়স ৪৫ বছর।

শুক্রবার ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার গ্রুপ ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেকটিভ (টিজেসি) ।

বিবিসি জানায়, ৩০ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে জামানিকে ২০১৮ সালে দোষীসাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় আদালত।

বিশ্বের যে কয়টি দেশে মাদকের বিরুদ্ধে কঠোর আইন জারি আছে সিঙ্গাপুর তার অন্যতম। দেশটিতে ১৫ গ্রামের বেশি হেরোইন এবং ৫০০ গ্রামের বেশি গাঁজা বহন করলেই মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।

মাদক মামলায় সিঙ্গাপুরে তিন দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হতে চলা দ্বিতীয় ব্যক্তি হবেন জামানি। এর আগে বুধবার দেশটির আরেক নাগরিক মোঃ আজিজ বিন হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২০২২ সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত সিঙ্গাপুরে মাদক মামলায় দোষীসাব্যস্ত হওয়া ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

আজিজ ৫০ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে দোষীসাব্যস্ত হয়েছিলেন।

গত এপ্রিলে তাঙ্গারাজু সুপিয়াহ নামে দেশটির আরেক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এক কেজি গাঁজা পাচারের অভিযোগে ওই ব্যক্তি দোষীসাব্যস্ত হয়েছিলেন। অথচ, ওই গাঁজা তিনি এমনকি ছুঁয়েও দেখেননি।

সিঙ্গাপুর কর্তৃপক্ষ আদালতে বলেছিল, তাঙ্গারাজু মোবাইল ফোনের মাধ্যমে ওই গাঁজা বিক্রিতে সহযোগিতা করেছিলেন।

জামানির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কথা বলতে বিবিসি থেকে সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরোর (সিএনবি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।