এবার চীনের মানচিত্র প্রত্যাখ্যান করল ফিলিপিন্স-তাইওয়ান-মালয়েশিয়া
মানচিত্রে ইংরেজি অক্ষর ‘ইউ’আকৃতির রেখায় দক্ষিণ চীন সাগরের ৯০ শতাংশ এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
অরুণাচলকে নিয়ে চীন নতুন যে মানচিত্র প্রকাশ করেছে তার প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে সেটি প্রত্যাখ্যান করেছে ভারত। এবার দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের প্রকাশ করা মানচিত্র প্রত্যাখ্যান করল ওই অঞ্চলের দেশ ফিলিপিন্স, মালয়েশিয়া ও স্বায়ত্বশাসিত দ্বীপ তাইওয়ান।
সোমবার দক্ষিণ চীন সাগরের মানচিত্র প্রকাশ করে চীন। মানচিত্রে ইংরেজি অক্ষর ‘ইউ’আকৃতির রেখায় দক্ষিণ চীন সাগরের ৯০ শতাংশ এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত ও প্রতিযোগিতাপূর্ণ বাণিজ্য জলপথ দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধ আছে। প্রতি বছর ৩ লক্ষ কোটির বেশি ডলারের বাণিজ্যপণ্য চলাচল করে এই জলপথ দিয়ে।
দক্ষিণ চীন সাগর পাড়ের দেশ ফিলিপিন্স বৃহস্পতিবার এক বিবৃতিতে চীনকে আরও ‘দায়িত্বশীল’ হওয়া এবং আইনগত বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, আন্তর্জাতিক আইন এবং ২০১৬ সালে জাতিসংঘের সালিশী অনুযায়ী, দক্ষিণ চীন সাগরে ওই লাইনের কোনও আইনগত ভিত্তি নেই।”
মালয়েশিয়া বলেছে, তারা এই মানচিত্রের বিষয়ে চীনের বিরুদ্ধে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে। চীন বলছে, মানচিত্রের রেখা ঐতিহাসিক মানচিত্রের ভিত্তিতেই তৈরি করা হয়েছে। সর্বশেষ এই মানচিত্রে ভূখন্ডের কোনও নতুন দাবি করা হয়েছে কিনা তা পরিষ্কার নয়।
চীনের ইউ-আকৃতির রেখা হাইনান দ্বীপের ১৫০০ কিলোমিটার দক্ষিণ থেকে ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার এক্সক্লুসিভ ইকোনোমিক জোন (ইইজেড) পর্যন্ত গেছে।
ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, “ফিলিপিন্সের ভূখন্ড এবং সাগর এলাকায় চীনের সার্বভৌমত্ব এবং কর্তৃত্বের বৈধতা দাবির সর্বশেষ এই চেষ্টার কোনও ভিত্তি আন্তর্জাতিক আইনের আওতায় নেই।”
চীন ২০০৯ সালে জাতিসংঘে দক্ষিণ চীন সাগরের যে মাণচিত্রটি পেশ করেছিল, সেটির তুলনায় নতুন মানচিত্রে সাগরের আরও বেশি এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুরোনো সেই মানচিত্রটিতে ‘৯টি ড্যাশ লাইন’ ছিল, যার মাধ্যমে ওই সাগরাঞ্চলে ফিলিপিন্স, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের সমুদ্রসীমার বেশ কিছু অংশ নিজেদের এলাকাভুক্ত করেছিল চীন।
নতুন মানচিত্রটিতে ১০টি ড্যাশ লাইন রয়েছে। এই ড্যাশ লাইনে গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ তাইওয়ানের সমুদ্রসীমার কিছু অংশ চীন নিজেদের এলাকাভুক্ত করেছে।
১৯৪৮ সালে দক্ষিণ চীন সাগরের যে মানচিত্র চীন প্রকাশ করেছিল, সেটির সঙ্গে মিল রয়েছে নতুন মানচিত্রের।
নতুন মানচিত্রটি সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেফ লিউ বলেন, ‘তাইওয়ান কোনোভাবেই গণপ্রজাতন্ত্রী চীনের অংশ নয়। চীন যতই তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে অবস্থান পাল্টাক, তাদের কোনও কৌশলই স্বাধীন দেশ হিসেবে তাইওয়ানের অস্তিত্বের বাস্তবতা বদলে দিতে পারবে না।
দক্ষিণ চীন সাগরের নতুন মানচিত্র প্রকাশের একই দিন সোমবারেই ভারতের গোটা অরুণাচল প্রদেশকে নিজ ভূখণ্ডের অংশ দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করে চীন।
সেই মানচিত্রের প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “তাদের দাবি আমরা নাকচ করছি। এর কোনও ভিত্তি নেই। চীনের এ ধরনের পদক্ষেপ কেবল সীমান্ত সংক্রান্ত প্রশ্নকে আরও জটিল করবে।”
