২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

যুদ্ধ ভারত মহাসাগরেও ছড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার হামলা চালালে এর জবাবে যুদ্ধ আরও বেড়ে তা ভারত মহাসাগর এমনকি এর বাইরেও চলে যেতে পারে- বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির উপদেষ্টা।

যুদ্ধ ভারত মহাসাগরেও ছড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 10:51 PM

Updated : 24 Sep 2026, 10:51 PM

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার হামলা চালালে পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি।

বৃহস্পতিবার ইরানের ফার্স বার্তা সংস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় সাফাভি বলেন, সংঘাত ইতোমধ্যে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আরও যুদ্ধ হলে এর জবাবে যুদ্ধক্ষেত্রের পরিধি আরও বাড়তে পারে এবং তা ভারত মহাসাগর, এমনকি এর বাইরেও চলে যেতে পারে।

ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য ইরানের শসস্ত্র বাহিনী পরিকল্পনা প্রস্তুত রেখেছে জানিয়ে সাফাভি বলেন, “আমরা জানি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মনে কি চলছে।”

তিনি আরও বলেন, “ইরানের বিভিন্ন স্থাপনা এবং জাতীয় স্বার্থের কোনও স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আবার শুরু হলে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ইরানি বাহিনী প্রস্তুত রয়েছে।” সেক্ষেত্রে সংঘাতের বিস্তার ঘটবে বলে সতর্ক করেছেন সাফাভি।