মার্শাল দ্বীপপুঞ্জে ‘ক্ষুদ্র-রাষ্ট্র’ গড়ার চক্রান্ত চীনা জুটির
এক চীনা জুটি মার্শাল দ্বীপপুঞ্জের দূরবর্তী একটি দ্বীপকে ‘আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল’ করার জন্য আইনপ্রণেতাদেরকে রাজি করার চেষ্টা করেছে।
এক চীনা জুটি প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জে ক্ষুদ্র-রাষ্ট্র গড়ার চক্রান্ত করছে এবং এজন্য তারা সেখানকার এমপি ও কর্মকর্তাদের ঘুষ দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন কৌঁসুলিরা।
বিবিসি জানায়, ওই চীনা জুটি মার্শাল দ্বীপপুঞ্জের দূরবর্তী একটি দ্বীপকে ‘আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল’ করার জন্য আইনপ্রণেতাদেরকে রাজি করানোর চেষ্টা করেছে।
এরকম একটি অঞ্চল গড়লে প্রশান্ত মহাসাগরীয় ওই দ্বীপ দেশে বিদেশিদের আনাগোনা বাড়বে। মার্শাল দ্বীপপুঞ্জ ১৯৭৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র শাসিত ছিল।
সেখানে ক্ষুদ্র-রাষ্ট্র গড়ার চক্রান্তের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে মার্শাল দ্বীপপুঞ্জের সরকার এখনও কোনও কথা বলেনি। যদিও বিরোধীদলের পক্ষ থেকে এ বিষয়টি তুলে ধরার ডাক আসছে।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বলছে, চীনা জুটি ক্যারি ইয়ান এবং জিনা ঝৌ মার্শাল দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব ক্ষুন্ন করেছেন। মার্কিন কৌসুলিরা বলছেন, ‘আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল’ গঠনকে সমর্থন করা একটি বিল নিয়ে ২০১৮ সাল এবং ২০২০ সালে মার্শাল দ্বীপপুঞ্জের পার্লামেন্টে বিতর্ক হয়েছে।
মার্শাল দ্বীপপুঞ্জের কয়েকজন আইনপ্রণেতা ৭ হাজার থেকে ২২ হজার ডলারের ঘুষ পাওয়ার পর বিলটিতে ভোটও দিয়েছেন বলে কৌঁসুলিরা অভিযোগ করেছেন। অভিযোগনামায় ওই আইনপ্রণেতাদের পরিচয় দেওয়া হয়নি।
চীনা ওই জুটি ২০২০ সালে থাইল্যান্ডে আটক হয় এবং গত সপ্তাহে তাদেরকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়। সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের এটর্নি দামিয়ান উইলিয়ামস বলেছেন, ইয়ান এবং ঝৌ যে ঘুষ দিয়েছেন তাতে রিপাবলিক অব মার্শাল আইল্যান্ডস এবং এর আইনসভার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।
হাওয়াই এবং অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থিত মার্শাল দ্বীপপুঞ্জ চারদশক যুক্তরাষ্ট্রের শাসনে থাকার পর ১৯৭৯ সালে স্বাধীনতা লাভ করে।
প্রশান্ত মহাসাগর অঞ্চলে এই দ্বীপপুঞ্জ ওয়াশিংটনের জন্য একটি কৌশলগত ঘাঁটি। সেখানে যুক্তরাষ্ট্রের কিছু নিরাপত্তা জোট আছে। কিন্তু চীন এখন সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
মার্কিন কৌসুলিরা বলছেন, চীনা জুটি নিউ ইয়র্ক ভিত্তিক একটি এনজিও পরিচালনা করে। সেই এনজিও’র মাধ্যমেই তারা মার্শাল দ্বীপপুঞ্জের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘুষ দিয়েছে।
২০১৬ সাল থেকে শুরু হয়েছে এই তৎপরতা। মার্শাল দ্বীপপুঞ্জের পরিত্যাক্ত রঙেলাপ কোরাল দ্বীপে আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল (এসএআর) গঠনের চেষ্টায় ওই চীনা জুটি দ্বীপটির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।
