২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে অভিযান পরিচালনার দাবি মোসাদের

একটি হিট স্কোয়াডটি সাইপ্রাসে থাকা ইসরায়েলিদের হত্যার পরিকল্পনা করছিল বলেও দাবি করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

ইরানে অভিযান পরিচালনার দাবি মোসাদের

ছবি: বিবিসি থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 09:23 PM

Updated : 01 Jul 2023, 09:23 PM

একটি হিট স্কোয়াডের হোতা সন্দেহে এক ব্যক্তিতে ধরতে ইরানে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

ওই হিট স্কোয়াডটি সাইপ্রাসে থাকা ইসরায়েলিদের হত্যার পরিকল্পনা করছিল বলেও দাবি মোসাদের।

বিবিসি জানায়, গণমাধ্যমের সঙ্গে কদাচিৎ কথা বলা মোসাদ জানিয়েছে, ওই ব্যক্তি ইরানের রেভল্যুশনারি গার্ডের কাছ থেকে নির্দেশ পাওয়ার ব্যাপারে বিস্তারিত ‘স্বীকারোক্তি’ দিয়েছেন।

সাইপ্রাস কর্তৃপক্ষকে এ তথ্য জানানো হয়েছে এবং সেখানে ওই স্কোয়াড ভেঙে দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের শত্রুদেশ ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ সর্বশেষ এ ঘটনার মধ্য দিয়ে নতুন করে সামনে এসেছে।

সাইপ্রাসে ইসরায়েলিদের হত্যার পরিকল্পনা নিয়ে ইসরায়েল যে দাবি করেছে, তা নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি। আর তেহরান কিংবা সাইপ্রাসও এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

মোসাদ এক বিবৃতিতে বলেছে, তারা ইরানের ভূখণ্ডে একান্ত একটি দুঃসাহসী অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে ঊর্ধ্বতন এক মোসাদ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, “ইরানের ভূখন্ডসহ বিশ্বের যে কোনও স্থানে ইহুদি এবং ইসরায়েলিদের বিরুদ্ধে সন্ত্রাসের পথে অগ্রসর হওয়া প্রতিটি কর্মকর্তাকে আমরা খুঁজে বের করব।”

ইসরায়েল কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিওতে এক ব্যক্তিকে দেখা গেছে। যার নাম বলা হয়েছে ইউসেফ শাহাবাজি আব্বাসালিলু, যাকে হিট স্কোয়াডের হোতা বলে সন্দেহ করা হচ্ছে।

ইরানের বাইরে তাকে মোসাদের এক এজেন্টের সঙ্গে পারসিতে কথা বলতে দেখা গেছে। ওই ব্যক্তি তুরস্ক-নিয়ন্ত্রিত নর্দার্ন সাইপ্রাসে প্রবেশ করার বর্ণনা দিয়েছেন। বলেছেন, ইসরায়েলি এক ব্যবসায়ীকে মারতে দ্বীপটির দক্ষিণাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করেন তিনি।

ইরানের প্রভাবশালী আধাসামরিক বাহিনী আইআরজিসি থেকে ওই ইসরায়েলির ছবি এবং ঠিকানা পাঠানো হয়েছিল এবং তাকে মারার পরিকল্পনা নিয়েই সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

কিন্তু পরে পুলিশ তাকে খুঁজছে এমন সতর্কবার্তা পেয়ে তিনি সাইপ্রাস থেকে পালিয়ে ইরানে চলে যান।