২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খামেনির ‘অপমানজনক’ কার্টুন: ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে ইরানের প্রতিবাদ

ব্যঙ্গাত্মক ফরাসি সাময়িকী শার্লি এবদো বলছে, ইরানে সরকার-বিরোধী বিক্ষোভে সমর্থন জানাতে গত মাসে আয়োজিত কার্টুন প্রতিযোগিতার অংশ হিসেবে তারা খামেনির কার্টুন ছেপেছে।

খামেনির ‘অপমানজনক’ কার্টুন: ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে ইরানের প্রতিবাদ

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 05 Jan 2023, 09:31 PM

Updated : 05 Jan 2023, 09:31 PM

ব্যঙ্গাত্মক ফরাসি সাময়িকী শার্লি এবদো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ‘অপমানজনক’ কার্টুন ছাপায় ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানিয়েছে তেহরান।

বুধবার ফরাসি রাষ্ট্রদূতকে তলব করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এ খবর জানিয়েছে।

খামেনিকে নিয়ে কয়েক ডজন কার্টুন ছেপেছে শার্লি এবদো। সাময়িকীটি বলছে, ইরানে সরকার-বিরোধী বিক্ষোভে সমর্থন জানাতে গত মাসে আয়োজিত একটি কার্টুন প্রতিযোগিতার অংশ হিসেবেই এসব কার্টুন ছাপা হয়েছে।

গত বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ইরানজুড়ে বিক্ষোভ চলছে। ওই মাসে ইরানে নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ২২ বছর বয়সী কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

নারীর পোশাকবিধি লঙ্ঘন করায় মাশা আমিনিকে গ্রেপ্তার করেছিল নীতি পুলিশ। তার মৃত্যুকে ঘিরে শুরু হওয়া জনতার বিক্ষোভ পরে ইরানের কট্টরপন্থি ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভে রূপ নিয়েছে।

ইরানের এই বিক্ষোভে নারীদের অংশগ্রহণ উল্লেখ করার মতো। অনেক নারী হিজাব খুলে, পুড়িয়ে বিক্ষোভ করছেন। অনেকে প্রকাশ্যে হিজাব ছাড়া বের হচ্ছেন। অনেক নারী ক্রীড়াবিদ দেশের বাইরের বিভিন্ন প্রতিযোগিতায়ও হিজাব পরছেন না।

ওদিকে, বিক্ষোভে ইরান সরকারের দমন-পীড়ন আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। শার্লি এবদো বলছে, স্বাধীনতার জন্য লড়াই করে যাওয়া ইরানিদের আন্দোলন-সংগ্রামে সমর্থন জানাতে তারা ওই কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনোভাবেই তার ইসলামিক, ধর্মীয়, জাতীয় পবিত্রতা ও মূল্যবোধের অপমান মেনে নেবে না।

ইরানের এ প্রতিক্রিয়ার বিষয়ে মন্তব্য জানতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সতর্ক করে বলেছিলেন, “এই আক্রমণাত্মক ও অশোভন পদক্ষেপের কঠোর জবাব দেবে তেহরান।”

টুইটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, “আমরা ফ্রান্স সরকারকে খুব বেশি দূর এগোতে দেব না। তারা নিশ্চিতভাবে ভুল পথ বেছে নিয়েছে।”

শার্লি এবদো এর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন ছেপে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। ওই ঘটনার পর ২০১৫ সালের ৭ জানুয়ারি প্যারিসে শার্লি এবদোর কার্যালয়ে প্রাণঘাতী জঙ্গি হামলা হয়। সেই হামলার বর্ষপূর্তি উপলক্ষেই বিশেষ প্রকাশনায় তারা খামেনির কার্টুন ছাপেছে বলে জানিয়েছে।